স্টাফ রিপোর্টার
শাল্লার হিন্দু ধর্মাবলম্বি অধ্যুষিত নোয়াগাঁও গ্রামে হামলা, লুটপাট ও ভাংচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামী শহিদুল ইসলাম স্বাধীন মিয়াকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্য ২৮ জন আসামীকে ২ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। মঙ্গলবার দুপুরে স্বাধীন মিয়াসহ আসামীদের আদালতে হাজির করে রিমান্ড শুনানী করলে আদালত স্বাধীন মিয়ার ৫ দিন এবং অন্য আসামীদের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।
এর আগে রবিবার বিকালে পুলিশ সুনামগঞ্জ বিচারালয়ের শাল্লা জোনের বিচারক আমলগ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শ্যামকান্ত সিনহার আদালতে হাজির করে তাদের রিমান্ডের আবেদন করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. সেলিম নেওয়াজ।
এর আগে শুক্রবার ভোর রাতে ইউপি সদস্য যুবলীগ কর্মী শহিদুল ইসলাম স্বাধীন মিয়াকে মৌলভীবাজারের কুলাউড়া থেকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরে শনিবার বেলা ১১ টায় স্বাধীন মিয়াকে শাল্লা থানা পুলিশের কাছে হস্তান্তর করে পিবিআই। জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ রোববার বিকালে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করে তার।
এদিকে মঙ্গলবার ভোররাতে এই ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃত ব্যক্তি আকামত আলী দিরাই উপজেলার নাচনি গ্রামের বাসিন্দা। ঘটনার পর গ্রামবাসীর পক্ষে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামী। র্যাব ৯’এর সুনামগঞ্জের কোম্পানী কমান্ডার সিঞ্চন আহমদের নেতৃত্বে র্যাব’এর একটি দল মঙ্গলবার ভোরে তাকে দিরাইয়ের নাচনি গ্রাম থেকে আটক করে। এই নিয়ে মামলার প্রধান আসামী শহিদুল ইসলাম স্বাধীন মিয়াসহ ৩৪ জনকে গ্রেপ্তার করা হলো।
প্রসঙ্গত, জাতিরজনক শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বিরোধী আন্দোলনের নেতা মাওলানা মামুনুল হকের সমর্থকরা বুধবার হামলা, লুটপাট ও ভাংচুর করেছে নোয়াগাঁও গ্রামের ৮৮ বাড়িতে। এসময় গ্রামের ৫ টি মন্দির ভাংচুর করা হয়। নোয়াগাঁও গ্রামের ঝুমন দাস আপন নামের এক তরুণের ফেসবুক আইডি থেকে মাওলানা মামনুল হককে কটাক্ষ করে কথিত স্ট্যাটাসের প্রতিক্রিয়ায় বুধবার সকাল ৮ টা থেকে ১০ টার মধ্যে এই তা-ব চালানো হয়।
গত ১৫ মার্চ সুনামগঞ্জের দিরাই স্টেডিয়ামে হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বক্তব্য দেন। এসময় ধর্মীয় উস্কানীমূলক বক্তব্য দিয়েছিলেন মামুনুল হকসহ হেফাজতের কেন্দ্রীয় নেতারা।


