বিজয় রায়, ছাতক
ছাতকে অতিরিক্ত রয়েলটি এবং বালু শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে চেলা নদী ও মরা চেলা নদী বালুমহাল থেকে ৩ দিন ধরে বালু উত্তোলন বন্ধ রয়েছে। ছাতক বাজার একতা বালু উত্তোলন ও ক্ষুদ্র ব্যবসায়ি সমবায় সমিতি(রেজিঃ নং-৮১/১৫)’র ডাকে রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বালু উত্তোলন ও পরিবহন বন্ধ করে দেয়া হয়। রয়েলিটির নামে জোরপূর্বক অতিরিক্ত টোল আদায় ও বালু শ্রমিক-ব্যবসায়িদের অত্যাচার নির্যাতন থেকে রক্ষা পেতে গতকাল মঙ্গলবার দুপুরে সমিতির পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি আবেদন দেয়া হয়েছে। আবেদন থেকে জানা যায়, দীর্ঘদিন ধরে চেলা নদী ও মরা চেলা নদী বালুমহাল থেকে কয়েক হাজার শ্রমিক বালু উত্তোলন, পরিবহন এবং ক্ষুদ্র ব্যবসায়িরা ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছেন। সরকারের নির্ধারিত রয়েলটি দিয়েই তারা বালু উত্তোলন ও পরিবহন করছেন। গত মৌসুমে বালু মহাল ইজারাদারদের নৌকা প্রতি ২০০ থেকে ২৫০ টাকা টোল দিয়ে শ্রমিকরা বালু উত্তোলন ও পরিবহন করেছেন। চলতি অর্থ বছরে ইজারাদাররা রয়েলিটির নামে গত বছরের তুলনায় টাকার অংক দ্বিগুন করে টোল আদায় করার চেষ্টা করছে। প্রতি ৪০০-৬০০ ঘনফুট বালুর জন্য সাড়ে ৪শ’ থেকে ৫শ’ এবং ৬০০-৮০০ ঘনফুট বালুর জন্য ৬শ’ থেকে ৭শ’ টাকা টোল আদায় করার চেষ্টা করছে ইজারাদারের নিয়োজিত টোল আদায়কারীরা। অতিরিক্ত রয়েলটি ধার্য্যরে প্রতিবাদে শুক্রবার বিকেলে শহরের সুরমা মার্কেটের সামনে সমিতির উদ্যোগে বালু শ্রমিক ও ব্যবসায়িরা প্রতিবাদ সভা করেছে। শনিবার অতিরিক্ত টোল দাবী করা নিয়ে টোল আদায়কারীর সাথে বালু শ্রমিকদের বাক-বিতন্ডা হয়। এ ঘটনার জের ধরে টোল আদায়কারীদের হামলায় বালু শ্রমিক সুন্দর আলী, জাকির মিয়া, আলিম উদ্দিন, জাকের মিয়া, আব্দুর রহিম, রহমত আলী ও রুবেল মিয়াকে আহত হয়। এ ঘটনায় চরেরবন্দ্র গ্রামের বালু ব্যবসায়ি আবুল কালাম বাদী হয়ে ৭জনের বিরুদ্ধে ছাতক থানায় একটি অভিযোগ দায়ের করেন। বালু শ্রমিকদের উপর হামলার ঘটনায় প্রতিবাদ হিসেবে ছাতক বাজার একতা বালু উত্তোলন ও ক্ষুদ্র ব্যবসায়ি সমবায় সমিতির ডাকে অনির্দিষ্টকালের জন্য চেলা নদী ও মরা চেলা নদী বালুমহাল থেকে বালু উত্তোলন ও পরিবহন বন্ধ ঘোষণা করা হয়। ফলে বালু উত্তোলন, পরিবহন ও ব্যবসার সাথে সংশিষ্ট ৫ সহশ্রাধিক শ্রমিক বেকার হয়ে মানবেতর জীবন-যাপন করছেন। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নিতে বালু শ্রমিকরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।


