হামলার প্রতিবাদে তাহিরপুর ও ধর্মপাশায় বিক্ষোভ

সু.খবর রিপোর্ট
ফসল রক্ষা বাঁধের কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়ন ও সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের সুনামগঞ্জ শহরস্থ বাসভবনে হামলার প্রতিবাদে তাহিরপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলা আওয়ামী লীগে  
 কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে পূর্ববাজারে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলী মর্তূজার সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক শাহীন রেজা, বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিত সরকার, বড়দল ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ নেতা হাফিজ উদ্দিন, রঞ্জু মুখার্জি, সাঞ্জব উস্তার, ছাত্রলীগ নেতা আবুল বাশার, সাজিদ মিয়া, তানসেন তালুকদার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ‘সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন হাওরের বোরো ফসল রক্ষা বাঁধের কাজ নিয়ে কৃষকদের পক্ষে বলেছিলেন। তিনি বলেছিলেন হাওরের বাঁধ নির্মাণ নিয়ে টালবাহানা চলতে দেয়া হবে না। হাওর রক্ষা বাঁধের ৪৮টি প্যাকেজের কাজ একটি সিন্ডিকেটকেই ১৭টি কাজ দেয়া হয়েছে। ওই ১৭টি প্যাকেজের মধ্যে একটি প্যাকেজেও মাটি কাটা শুরু হয়নি। তাহলে হাওর কিভাবে রক্ষা পাবে। এমপি রতন কৃষকদের উদ্দেশ্যে বলেছিলেন,‘বাঁধ রক্ষা না হলে পাউবো, ঠিকাদার, আমরা কেউ রক্ষা পাব না। পানি আসলে ৫০ ভাগ, পানি না হলে ১০০ ভাগ দেখানোর পায়তারা করছে পাউবো। কৃষকদের জীবন নিয়ে কাউকে ছিনিমিনি করতে দেয়া যাবে না বলায় বৃহস্পতিবার সন্ধ্যায় এমপি রতনের বাসায় হামলা হয়েছে। আমরা এই হামলার নিন্দা ও প্রতিবাদ জানাই। এদিকে সন্ধ্যায় উপজেলার বাদাঘাট বাজারে আর একটি মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
এদিকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় সুনামগঞ্জ ১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের জেলা সদরের বাস ভবনে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ধর্মপাশায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল তিনটায় স্থানীয় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের একাংশের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিন্দ্র চন্দ্র তালুকদার। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আরফান আলী, সেলবরষ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলা উদ্দিন শাহ প্রমূখ।