হালুয়ারঘাট-মঙ্গলকাটা রাস্তা সংস্কারে যথাযথ মান বজায় রাখুন

কোন একটি ছবি হাজার লাইনের খবরের চাইতে বেশি সত্য প্রকাশে সক্ষম। যদি ছবিটি হয় মানসম্মত ও সাবজেক্টিভ। গতকাল দৈনিক সুনামগঞ্জের খবরের প্রথম পাতায় একটি ছবি ছাপা হয়েছে। ছবিটি সদর উপজেলার একটি গ্রামীণ গুরুত্বপূর্ণ রাস্তার। ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে ঘরের মেঝেতে বিছানো কার্পেট যেভাবে মুড়িয়ে তোলা হয় সেরকম করে সড়কে সদ্য দেয়া বিটুমিনের আস্তরণ অবলীলায় তুলে ফেলা হচ্ছে। ছবির যে ম্যাসেজ সেটি হলো রাস্তা সংস্কার কাজে ব্যবহৃত বিটুমিন ঠিকঠাক মতো দেয়া হয় নি। এখানে প্রচুর কারচুপির আশ্রয় নেয়া হয়েছে। যেজন্য নির্মাণের তিন দিনের মাথায় সড়কের বিটুমিন তুলে ফেলা যাচ্ছে। ছবিটি সদর উপজেলার হালুয়ারঘাট-মঙ্গলকাটা সড়কের একটি অংশের। ওই সড়কের হালুয়ারঘাট থেকে বেরিগাঁও পর্যন্ত মাত্র ২ কিলোমিটার সড়ক সংস্কারে সরকার ১ কোটি ৫৪ লক্ষ টাকা বরাদ্দ দিয়ে মেসার্স আকবর আলী নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেয়া হয়েছে। অন্যদিকে বেরিগাঁও থেকে মঙ্গলকাটা পর্যন্ত ২ কিলোমিটারের কিছু বেশি সড়ক সংস্কারে ১ কোটি ৫৬ লক্ষ টাকা বরাদ্দ রেখে মল্লিক এন্টারপ্রাইজ নামের ঠিকাদারী প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেয়া হয়েছে। চার কিলোমিটারের কিছু বেশি সড়কের জন্য ৩ কোটি ১০ লক্ষ টাকা বরাদ্দ। অর্থাৎ প্রতি মিটার (প্রায়র এক গজ) রাস্তা সংস্কারের জন্য অর্থ বরাদ্দের পরিমাণ ৭৭৫০ টাকা। যেকোন নাগরিক যারা নিজেদের কোন স্থাপনা তৈরি করেছেন পকেটের পয়সা খরচ করে তাদের কাছে এই বরাদ্দ সর্বোচ্চ বলেই বিবেচিত হবে। এই টাকার সড়কে কাজের মান নিয়ে কোন প্রশ্ন উঠার অবকাশ নেই। সর্বোচ্চ মান বজায় রাখলেও ঠিকাদারের লাভের অংশ বেশ বড় পরিমাণেই থাকবে। কিন্তু এতদসত্বেও বর্ণিত রাস্তার কাজে নি¤œমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ তুলেছেন এলাকাবাসী। কাজ যে নি¤œমানের হচ্ছে তা তো ছবিতেই পরিষ্কার। মান বজায় রাখা হলে হাত দিয়ে খুঁড়ে খুঁড়ে বিটুমিন তুলে ফেলার কথা নয়। আমরা সড়ক সংস্কার কাজে ঠিকাদারের এই অনিয়মের বিষয়ে এলজিইডি’র দৃষ্টি আকর্ষণ করছি।
এলাকাবাসীর অভিযোগমতে নি¤œমানের বিটুমিন, বালি ও পাথর ব্যবহার হয়েছে। রাস্তা ভাল করে পরিষ্কার না করে অপরিচ্ছন্ন রাস্তায় বিটুমিন ঢালাই এবং যথেষ্ট পরিমাণে তেল ব্যবহার না করার অভিযোগও করছেন এলাকাবাসী। স্থানীয়রা নির্মাণ কাজের অনিয়মের বিরুদ্ধে কথা বললে ঠিকাদারের লোকজন তাদেরকে ভয়ভীতি দেখানো সহ চাঁদাবাজীর মামলায় ফাঁসিয়ে দেয়ার হুমকি দেন বলেও স্থানীয়রা অভিযোগ করেছেন। সোশাল অডিটিং বলে একটি কথা চালু আছে আমাদের সমাজে। সোশাল অডিটিং হলো জনগণের নজরদারী। উন্নয়ন কাজ যে এলাকায় হয়ে থাকে ওই এলাকার জনসাধারণ যদি কাজের দেখভাল ও তদারকি করেন তাহলে কাজে অনিয়ম করার সুযোগ কমে যায়। তাই সোশাল অডিটিংকে সর্বাবস্থায় উৎসাহিত করা হয়। এখন এই সোশাল অডিটিং করতে যেয়ে যদি কেউ হুমকির সন্মুখিন হন তাহলে জনগণের তদারকী ব্যবস্থা কার্যকরী করা সম্ভব কীভাবে?
হালুয়ারঘাট-মঙ্গলকাটা সড়কটি একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়ক। এই সড়ক দিয়ে হাজার হাজার মানুষ জেলা সদরের সাথে সংযোগ রক্ষা করেন। এই রাস্তার উপর যানবাহনের চাপও বেশি থাকে। সড়কটি দুর্বলভাবে সংস্কার করা হলে কিছুদিন পরই এটি আবার ব্যবহার অনুপযুক্ত হয়ে জনদুর্ভোগ বাড়িয়ে তুলবে নিঃসন্দেহে।  ঠিকাদারদের বিরুদ্ধে কাজের নি¤œমান নিয়ে যে অভিযোগ উঠেছে সেটিকে আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আমরা এলজিইডির দৃষ্টি আকর্ষণ করছি। ঠিকাদাররা যাতে প্রাক্কলন অনুযায়ী শতভাগ কাজ মানসম্মতভাবে সম্পাদন করেন সে বিষয়ে সতর্ক থাকতে হবে তাদেরকে।