হিজড়া জনগোষ্ঠীর নিজেদের বদলানোর শপথ নিতে হবে

না পুরুষ না মহিলা অর্থাৎ তৃতীয় লিঙ্গের মানুষগুলোকে সমাজে হিজড়া নামে পরিচিত করা হয়। তৃতীয় লিঙ্গ হিসেবে জন্মের জন্য এরা কেউ দায়ী নয়। এটি জটিল ক্রমোজমঘটিত বিজ্ঞানসম্মত বিষয়। কিন্তু জন্মের জন্য নিজের কোন দায় না থাকলেও জন্মের পর এরা পরিবারে সমাজে সর্বত্র অবহেলিত উপেক্ষিত ও বৈষম্যের শিকার হন। মানসিক গঠনজনিত কারণে এবং অবশ্যই পারিবারিক সামাজিক অবহেলার কারণে তৃতীয় লিঙ্গের ব্যক্তিগুলো একসময় পরিবার থেকে বেরিয়ে এসে সমগোত্রীয়দের সাথে যৌথ জীবন যাপন করেন। এরা শিক্ষা-দীক্ষার সুযোগ পায় না। ভাল কাজেরও সুযোগ দেয়া হয় না এদের। ফলে জীবন ধারণের জন্য এদের এমন কিছু বৃত্তি বেছে নিতে হয় যা সাধারণ দৃষ্টিতে কারও কাছে গ্রহণযোগ্য নয়। ক্ষেত্রবিশেষে এদের পেশাগত তৎপরতা মানুষের চরম বিরক্তির কারণও হয় বটে। আশার কথা হলো উপেক্ষিত এই জনগোষ্ঠীকে নিয়ে বেশ কয়েক বছর ধরেই সরকার ও কতক বেসরকারি সংগঠন ভাল কিছু কাজ করে যাচ্ছে। উদ্দেশ্য হলো নিন্দনীয় পেশার বাইরে এদেরকে সম্মানজনক পেশায় পুনর্বাসন এবং সমাজের মূল ¯্রােতধারায় প্রত্যাবর্তন ঘটানো। এই লক্ষ্যেই সমাজসেবা অধিদপ্তরের ‘হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচী’ এর আওতায় এই সম্প্রদায়ের ৫০ জন ব্যক্তিকে নিয়ে দক্ষতা উন্নয়ন কর্মসূচীর আয়োজন করা হয় বৃহস্পতিবার। ওই প্রশিক্ষণ অনুষ্ঠানে সুনামগঞ্জের পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান যথার্থই বলেছেন, ‘লোকের কাছে হাত পাতা খুব খারাপ ব্যাপার। কারিগরি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে কর্মসংস্থান করে নিজেকে বদলে ফেলতে হবে। সে জন্য প্রথমে নিজেকেই বদলাতে হবে। দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য শপথ নিতে হবে।’ সারকথা বলেছেন তিনি। নিজে নিজেকে বদলানোর চেষ্টা না করলে দুনিয়ার কোন শক্তি কাউকে পরিবর্তন করতে পারবে না। তৃতীয় লিঙ্গের মানুষগুলোকে এই বিষয়টি গভীরভাবে উপলব্ধি করতে হবে। তবে বিষয়টি কঠিন। কারণ যুগ যুগ ধরে তারা যে দৃষ্টিভঙ্গি ও মনোজগত নিয়ে সমাজে টিকে আছেন সেই জায়গায় পরিবর্তন ঘটাতে হলে ধীরে ধীরে তাদের মনের পরিবর্তন ঘটাতে হবে। তাদের মনে এই ধারণা জাগ্রত করতে হবে যে, এরাও মানুষ। পুরুষ ও নারীর মতোই ভিন্ন ধারার মানুষ। এই পৃথিবীর সন্তান হিসাবে আর সকলের মতোই সমান অধিকার রয়েছে তাদের। পৃথিবীর নানা দেশে তৃতীয় লিঙ্গের মানুষেরা বিভিন্ন পেশায় সম্মানের সাথে জীবন যাপন করছেন। এই উদাহরণগুলো তাদের সামনে উপস্থাপন করতে হবে। এই সম্প্রদায়ের যারা নেতৃস্থানীয় ব্যক্তি রয়েছেন তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে আগে। আমরা বিশ্বাস করি সামগ্রিক প্রয়াস অব্যাহত থাকলে একটা সময়ে এরা সমাজের মূল ধারায় ঠাই করে নিতে সক্ষম হবে।
সরকার ও বিভিন্ন সামাজিক শক্তি ভিন্ন ধারার মানুষদের নিয়ে বেশ সচেতন। প্রতিবন্ধী, মানসিকভাবে অপূর্ণাঙ্গ, বিকলাঙ্গ প্রভৃতি জনগোষ্ঠীর কল্যাণে সরকারি-বেসরকারি বিভিন্ন উদ্যোগ সমাজে পরিচালিত আছে। এর মধ্য দিয়ে সামাজিক দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন হচ্ছে। একইভাবে হিজড়া জনগোষ্ঠীর বিষয়েও সরকার যে সচেতন রয়েছে তার প্রমাণ উপরোক্ত প্রশিক্ষণ কর্মসূচি। হিজড়াদের দল বেঁধে ভিক্ষা করতে দেখা যায়, বিয়েবাড়ি বা অনুষ্ঠানস্থলে চাঁদা দাবি করতে তাদের দেখা যায়। বর-কনের গাড়ি আটকিয়ে এরা টাকা দাবি করে থাকে। এসব কারণে সমাজের মানুষ এই জনগোষ্ঠীর উপর অনেক ক্ষেত্রেই বিরক্ত। আজ সময় এসেছে তাদেরকে নিজেদের বদলে ফেলার। পুলিশ সুপারের উপদেশ মত তাদেরকে শপথ নিতে হবে নিজেদের ভিক্ষাবৃত্তির অভিশাপ থেকে বেরিয়ে আসার। এদেরকে নিয়ে একটি দুষ্টচক্রও সক্রিয় রয়েছে। ওই দুষ্টচক্রকে দমন করাও জরুরি।