১০৫০ বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল ভোট- জমজমাট আয়োজন মাসতুরা-মবশ্বির প্রাথমিক বিদ্যালয়ে


আসাদ মনি
সু-শৃঙ্খল ভোটারের লাইন। একজন একজন করে ঢুকে গোপন কক্ষে ভোট দিচ্ছে। আছে পোলিং ও প্রিজাইডিং অফিসারও। নিরাপত্তা কর্মী ও ভোট মনিটরিং কর্মকর্তারাও ঘুরছেন। এঁরা সবাই বিদ্যালয়ের শিক্ষার্থী। রোববার বেলা ১১ টায় স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন’২০২০ দেখার জন্য সুনামগঞ্জ শহরতলির মাসতুরা-মবশ্বির সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে এই দৃশ্য দেখা যায়।
শিক্ষকরা জানালেন, পরিবেশ সংরক্ষণ, পুস্তক এবং শিক্ষক সম্মান, স্বাস্থ্য, ক্রীড়া ও সংস্কৃতি, পানি সম্পদ, বৃক্ষরোপন ও বাগান তৈরি এবং অভ্যর্থনা ও আপ্যাায়ন সম্পাদক পদে ৩ য় থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে জেলার ১০৫০ টি বিদ্যালয়ে।
মাসতুরা-মবশি^র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচনী পরিবেশ ছিল অন্যান্য স্কুলের চেয়ে আড়ম্ভরপূর্ণ। এই বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন উপভোগ করতে এসেছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো. ফরহাদ আলম,
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জিল্লুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. এনামুল হক মোল্লা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জ্বল চন্দ্র শীল জানালেন, বিদ্যালয়ের ৩ টি শ্রেণি থেকে ১২ জন প্রার্থী হয়েছেন। এর মধ্যে থেকে ৭ জনকে নির্বাচিত করবেন ১৩১ জন শিক্ষার্থী ভোটার। সকাল ৯ টা থেকে শুরু হওয়া ভোট চলবে দুপুর ১ টা পর্যন্ত।