বিশেষ প্রতিনিধি
সুনামগঞ্জবাসী ১১ দিন পর মঙ্গলবার বিকাল ৩ টায় রোদের দেখা পেয়েছে। যেন ‘মেঘের কোলে রোদ এসেছে-বাদল গেছে টুটি’ । গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতও কম হয়েছে, মাত্র ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। তবে আবহাওয়া অধিদপ্তরের কাছে ভাল খবর নেই। সিলেট আবহাওয়া অফিসের প্রধান কর্মকর্তা বলেছেন, ‘বুধবার ৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভবনা রয়েছে। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত কিছু কমার সম্ভাবনা আছে। সুরমা নদীর পানি অবশ্য মঙ্গলবার সকালের চেয়ে বিকালে ৬ সেন্টিমিটার কমে বিপদসীমার ৭৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
টানা বৃষ্টিতে জেলাব্যাপি জনজীবনে স্থবিরতা দেখা দিয়েছিল। মঙ্গলবার সকাল থেকেই আকাশের অবস্থা কিছুটা ভাল ছিল, তবে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। বিকাল ৩ টায় আকাশ পুরো পরিস্কার দেখা যায়, একই সঙ্গে রোদের দেখাও মিলে। ফুটপাতের দোকানী পথচারী অনেককেই শরীরে রোদের তাপ লাগাতে রাস্তায় বেরিয়ে আসতে দেখা যায়। চোখে-মুখে সকলের এমনভাব ছিল, যেন বিপদ থেকে রক্ষা পাওয়া গেছে।
ফুটপাতের দোকানগুলো কম সময়ের মধ্যেই যার যার পণ্য নিয়ে বসে। ক্রেতার ভিড়ও লক্ষ্য করা যায়।
বিকাল ৪ টায় শহরের স্টেশন রোড দিয়ে যাচ্ছিলেন সদর উপজেলার রঙ্গারচর গ্রামের জাহাঙ্গীর আলম। বললেন ‘মনে অইতাছে আকাশ হাইস্যা (হাসি) দিছে, ভাল লাগতাছে, অখনও যদি বৃষ্টি বদ্ধ (বন্ধ) অয়,বাচমু আমরা’।
আলফাত স্কয়ারের ফল বিক্রেতা ফজলনুর বলেন, ‘টানা বৃষ্টিতে আমার অনেক আনারস পঁচে গেছে ভাই। বৃষ্টির কারণে ব্যবসা করতে পারছি না। রোদের দেখা পেয়ে মনে আশার সঞ্চার হলো’।
রিক্সাচালক আব্দুল জব্বার বলেন, ‘বৃষ্টির কারণে এতদিন রিক্সার পেসেঞ্জার পাইছি না। খুব কষ্টে দিন গেছে। রইদ ওঠছে ওখন যাত্রী পাওয়া যাইবো’।
পাউবোর সুনামগঞ্জের উপ-বিভাগীয় প্রকৌশলী দীপক রঞ্জন দাস বলেন,‘মঙ্গলবার বিকাল ৩ টায় সুরমা নদীর সুনামগঞ্জ পয়েন্টে পানি বিপদসীমার ৭৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে মাত্র ২০ মিলিমিটার’। তার মতে ৩ দিন এভাবে আবহাওয়া থাকলে ৩০ সেন্টিমিটার পানি কমে যাবে।
কিন্তু সিলেট আবহাওয়া অফিসের প্রধান আবহাওয়াবিদ সাইদ আহমদ চৌধুরী মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় এ প্রতিবেদককে বলেন,‘মঙ্গলবার বিকালে সুনামগঞ্জের আকাশে কিছু সময় রোদ ছিল। আকাশ কিছু সময় ভাল থাকলেই বৃষ্টিপাত কমে হবে বা বৃষ্টি হবে না, তা ভাবার সুযোগ নেই। বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টিপাত হবে। বুধবার ৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার বৃষ্টিপাত কিছু কমার সম্ভাবনা আছে। সুনামগঞ্জ ও এর আশপাশে ভারতের পাহাড়ে মেঘ রয়েছে। তাই আগামী দুই দিন কমবেশী বৃষ্টি হবে’।
জেলা প্রশাসনের বন্যা নিয়ন্ত্রণ কাজের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান আমাদের জানিয়েছেন, দুর্গতদের মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে এক’শ এক মে.টন চাল এবং নগদ ৮ লাখ ৭০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। তিনি জানিয়েছেন, ত্রাণের কোন সংকট নেই, মঙ্গলবার ইউএনওদের জানানো হয়েছে তারা চাইলেই ত্রাণ দেবার জন্য। ইউএনওদের উপজেলায় উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করতে বলা হয়েছে। মঙ্গলবার বৃষ্টিপাত না হওয়ায় নদীতে ৬ সেন্টিমিটার পানি কমার কথা উল্লেখ করে তিনি বলেন,‘দুর্ভোগে পড়া লোকজন আশ্রয়কেন্দ্রে যেতে চাচ্ছেন না, এজন্য আশ্রয় কেন্দ্র হচ্ছে না’।


