১৭ মার্চ ১৯২০ এক মহামানবের আবির্ভাব

মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার
১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। তার জন্ম দিনের সম্মানে দিনটি জাতীয় শিশু দিবস হিসেবে পালিত হয়। ছাত্র বয়স থেকেই তিনি রাজনীতি সচেতন ছিলেন। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম পর্যন্ত সকল আন্দোলনে অগ্রনায়ক ছিলেন তিনি। বঙ্গবন্ধুর এই মহান জন্মদিনে, তাঁকে দলের উদ্ধে, বিশাল ক্যানবাসে দেখা প্রয়োজন। তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক এবং বিশ্ববরেণ্য একজন মহান নেতা। বঙ্গবন্ধু শুধু বাঙালির নন, সারা বিশ্বের গর্ব। তাঁর অসাধারণ রাজনৈতিক প্রজ্ঞা এবং বলিষ্ট ও সহজাত সম্মোহনী  নেতৃত্ব  বিশ্বব্যাপী  প্রশংসিত। তার জন্মদিনে হাজারকোটি সালাম ।  
১৯৪৭-এ ভারত বিভাগ পরবর্পূতী সময়ে  শেখ মুজিব ছিলেন ছাত্রনেতা। শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৪৮ সালের ৪টা জানুয়ারি উপমহাদেশের সর্ববৃহৎ ও সর্বপ্রাচীন ছাত্র সংগঠন ছাত্রলীগের জন্ম হয়। তাঁর প্রস্তাবনা ভাষা আন্দোলনে সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠনের সিদ্ধান্ত গ্রহণে তাৎপর্যপূর্ণ ভুমিকা রাখে এবং সর্বদলীয় পরিষদের আহ্বানে ১১ মার্চ ১৯৪৮  ঢাকায় ধর্মঘট পালিত হয়। অতঃপর  ৫৪ সালের প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়, ৫৮-এর আইয়ুববিরোধী আন্দোলন, ৬২ সালের শিক্ষা আন্দোলন, ৬৬ সালের ৬-দফা, ৬৯ সালের গণঅভ্যুত্থান, ৭০-এর নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়লাভ, ৭১-এর ৭ মার্চের ভাষণ ও  মহান মুক্তিযুদ্ধ – সবকিছুতেই ছিল এই কালজয়ী নেতার মহান নেতৃত্বের আলোর অনবদ্য ছটা।
বঙ্গবন্ধুর বিচক্ষণতায়, ৭ মার্চের অনুপ্রেরণায় এবং তাঁর মহান নেতৃত্বে বাঙালি হেঁটে গেছে ২৬ মার্চের স্বাধীনতা  ও ১৬ ডিসেম্বরের বিজয় অর্জনের পথে। এপ্রেক্ষিতে বাঙালির মুক্তির সনদ ৭ মার্চের ভাষণ সম্পর্কে সম্প্রতি প্রকাশিত সৈয়দ আবুল মকসুদের মতামত অত্যন্ত সময়োপযোগী, বিশেষ করে আজকের তরুণ প্রজন্মের জন্য খুবই শিক্ষণীয়। আবুল মকসুদ বলেন, “৭ মার্চের বার্তা হলো অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা, এবং ৭ মার্চের শিক্ষা হলো অন্যায়ের বিরুদ্ধে শুধু প্রতিবাদ নয়, প্রতিরোধ ও বিদ্রোহ ন্যায়সংগত।”  
বঙ্গবন্ধুর নেতৃত্বের প্রজ্ঞার অন্তর্দৃষ্টিমূলক বিশেষণ খুবই গুরুত্বপূর্ণ। এটি মুক্তিযুদ্ধের চেতনা ও নাগরিক রাজনৈতিক সচেতনতার জন্য যেমন অর্থবহ, তেমনি রাষ্ট্রবিজ্ঞান ও শাসনব্যবস্থা অধ্যয়নে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাঙ্গালীর স্বাধীনতায় ত্ৎকালীন রাজনৈতিক বাস্তবতা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বের প্রজ্ঞার অন্তর্দৃষ্টিমূলক বিশ্লেষণ আমি স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পরবর্তী লেখায় অলোকপাত করব। এখন শুধু আরও দুটি বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোচনা করব।
প্রথমটি হলো বর্তমানে আমাদের রাজনীতিবিদদের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শের বাস্তব অনুসরণ  খুবই কম লক্ষ্য করা যায়। রাজনীতিতে চরম সুবিধা গ্রহণকারীদের, অত্যধিক ব্যবসায়ী মনোবৃত্তি সম্পন্নদের ও ভোগবাদীদের আধিক্য দেখা যাচেছ। বঙ্গবন্ধুর পলিটিকাল স্কুল অফ থট যারা অনুসরণ করেনা তাদের অধঃপতনের কথা বাদই দিলাম। কিন্ত তাকে অনুসরনের নামে যারা এটি করে, সেটিত মেনে নেয়া যায়না। এর লাগাম টানার সময় এসেছে। পাশাপাশি ভিন্ন মতাবলম্বীদের  অনুপ্রেবেশ ঠেকাতে হবে।   
দ্বিতীয়ত বঙ্গবন্ধুর প্রতি যে অপরিমেয় অন্যায্যতা করা হয়েছে, তার হিসাব নেয়ার সময় এসেছে। সম্প্রতি বঙ্গবন্ধু কন্যা মাননীয়  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষোভ  প্রকাশ করেছেন যে, বঙ্গবন্ধুর নাম মুছে দিয়ে ইতিহাস বদলানোর চেষ্টা হয়েছিল। মিথ্যাচার করা হয়েছিল ৭ই মার্চের ভাষণ নিয়েও। তিনি বলেন, এক সময় এ দেশে ৭ই মার্চের ভাষণ নিষিদ্ধ ছিলো যার ফলে একটি প্রজন্ম কিছুই জানতে পারেনি।
ইতিহাসের অত্যন্ত নিন্দনীয় সত্য যে পঁচাত্তরের দুষ্কৃতকারীরা স্বাধীনতা বিরোধী শক্তি এবং পরাজিত শক্তির দোসরদের প্রত্যক্ষ এবং/অথবা পরোক্ষ সহায়তায়  বঙ্গবন্ধুকে স্বপরিবারে (তাঁর দুই কন্যা ব্যাতীত) হত্যা করে। কিন্তু পরাজিত শক্তির দোসররা এতেই ক্ষান্ত হয়নি। এরাই ইতিহাস বিকৃতকারী স্বার্থান্বেষী মহল। তারা বঙ্গবন্ধুর মহান অবদানকে অস্বীকার করার ধৃষ্টতা কিভাবে দেখায়।  ধিক তাদের, আজ বঙ্গবন্ধুর জন্ম দিনে ঘৃনা তাদের জন্য। পঁচাত্তরের দুষ্কৃতকারীদের সহযোগী  এবং কতিপয় পরাজিত শক্তির দোসর ব্যাতীত বাংলাদেশের প্রতিটি মানুষের  এবং বিশ্বের বহু মানুষের  হৃদয়ে বঙ্গবন্ধুর অবস্থান একজন কালজয়ী মহান নেতা হিসেবে জ্বলজ্বল করছে।  অনেক ষড়যন্ত্র  হয়েছে তাঁর মহান ইতিহাস বিকৃতি করতে। এই কালজয়ী বিশ্ববরেণ্য মহান নেতার ইতিহাস বিকৃত করার চেষ্টা, আর কোনদিন বরদাস্ত করা হবেনা।
আজ বঙ্গবন্ধুর মহান জন্মদিনে আমাদের প্রতিশ্রুতি হোক তাঁর ৭ মার্চের ভাষণ  থেকে শিক্ষা নেয়া, তাঁর রাজনৈতিক আদর্শ থেকে  শিক্ষা নেয়া এবং তাঁর মহান  ইতিহাস বিকৃতির চেষ্টা প্রতিহত করা। জয় বাঙলা, জয়  বঙ্গবন্ধু।
লেখক: স্থানীয় শাসন, উন্নয়ন ও রাজনৈতিক বিশেষক, এবং আন্তর্জাতিক পোস্ট গ্রাজুয়েট কার্যনির্বাহী কমিটির চেয়ারপার্সন, জাতীয় উন্নয়ন প্রশাসন প্রতিষ্ঠান (নিডা), ব্যাংকক; বাড়ি : ধর্মপাশা-সুনামগঞ্জ।