১৯৭১’র এই দিনে মুক্ত হয় সুনামগঞ্জ

স্টাফ রিপোর্টার
১৯৭১ সালের এই দিনে (৬ ডিসেম্বর, সোমবার) সুনামগঞ্জ শহর হানাদার বাহিনী মুক্ত হয়। তৎকালীন সুনামগঞ্জ মহকুমা শহর ছেড়ে পিছু হটে পাকবাহিনী। হানাদার মুক্ত হয়ে সুনামগঞ্জ শহর ‘জয় বাংলা- জয় বঙ্গবন্ধু’ ম্লোগানে মুখরিত হয়। সুনামগঞ্জ শহরের প্রতিটি এলাকার ঘরে ঘরে ওড়ে স্বাধীনতার লাল সবুজ পতাকা। এবার মুক্ত দিবস উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও উপজেলা কমা-।
দীর্ঘ দিনের পরিকল্পনা অনুযায়ী ৫ নম্বর বালাট সাব সেক্টর কমান্ডার মেজর এম এ মোতালেব যোগীরগাওঁ,       ক্যাপ্টেন যাদব আমবাড়ী বাজার এলাকা ও ক্যাপ্টেন রঘুনাথ ভাটনগর গৌরারং এলাকা হয়ে মুক্তিপাগল সেনাদের নিয়ে জীবনবাজি রেখে ভোরে একযোগে সুনামগঞ্জ শহরে প্রবেশ করেন। মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীর সাঁড়াশী অভিযানের মুখে পালিয়ে যায় পাকিস্তানী হানাদার বাহিনী। এদিন দু’জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। হানাদার বাহিনী শহর ছেড়ে পালিয়ে যাওয়ার সময় দুই জন মুক্তিযোদ্ধা কৃপেশ দাস ও আবু তালেবেকে ধরে নিয়ে যায়। হানাদার বাহিনীর সদস্যরা সুনামগঞ্জের আহসানমারা ফেরীঘাটে নিয়ে তাদেরকে গুলি করে হত্যার পর নদীতে ফেলে দেয়। এলাকার মুক্তিকামী মানুষ দুই মুক্তিযোদ্ধার লাশ উদ্ধার করে। পরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের উজানীগাঁও গ্রামে স্থানীয় রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের পাশে সমাহিত করা হয় এই দুই শহীদকে।