৩ কলেজের ভবন নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের ৩ কলেজের ভবন নির্মাণের জন্য ১৬ কোটি টাকার প্রকল্প মঙ্গলবারের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় চূড়ান্ত অনুমোদন লাভ করেছে। শীঘ্রই ৩ কলেজের ভবন নির্মাণের দরপত্র আহ্বান করা হবে। এই তিনটি কলেজে ভবন নির্মাণের দাবি বহুদিনের। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি’র নির্দেশে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সম্প্রতি ৩ কলেজের প্রকল্প প্রস্তাবনা পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠায়। পরে নভেম্বরের প্রথম সপ্তাহে প্রকল্পগুলো পরিকল্পনা মন্ত্রণালয়ে অনুমোদিত হয়। প্রকল্পের মধ্যে রয়েছে সুনামগঞ্জ পৌর কলেজের ভবন নির্মাণের জন্য ৭ কোটি টাকা, দক্ষিণ সুনামগঞ্জ আব্দুল মজিদ কলেজের ভবন নির্মাণের জন্য ৪ কোটি টাকা এবং জগন্নাথপুরের সৈয়দপুর আদর্শ কলেজের ভবন নির্মাণের জন্য    
৫ কোটি টাকার প্রকল্প।
মঙ্গলবার এই প্রকল্পগুলো চূড়ান্ত অনুমোদনের জন্য একনেক সভায় উত্থাপন হলে প্রধানমন্ত্রী তা অনুমোদন দেন।
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেছেন,‘যত দ্রুত সম্ভব কলেজ ভবনগুলোর দরপত্র সম্পন্ন করার নির্দেশ দেওয়া হবে সংশ্লিষ্ট দপ্তরকে’।  
এদিকে, মঙ্গলবারের একনেক সভায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) অপারেশন একই এলাকায় না থাকাই ভালো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেরে বাংলানগর এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।
‘বিতরণ ব্যবস্থার ক্ষমতা বর্ধন, পুনর্বাসন ও নিবিড়িকরণ (ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগ) প্রকল্পে’র অনুমোদন দেওয়ার সময় প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। প্রকল্পের মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪০৩ কোটি ৮৩ লাখ টাকা। এ প্রকল্পের এলাকা আরইবি’র আওতাধীন ৪২টি পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস)।
একনেক সভায় প্রধানমন্ত্রী বলেন, পিডিবি এবং আরইবি একই এলাকায় থাকাটা সাংঘর্ষিক। এছাড়া নানা ধরনের সমস্যাও হয়। তবে যদি থাকে তবে বিদ্যুতের দাম যৌক্তিকভাবে নির্ধারণ করতে হবে।
একনেক সভা শেষে পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল জানান, পিডিবি এবং আরইবি একই এলাকায় না থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একনেক সভায় ৫১৩ কোটি ৪৬ লাখ টাকা ব্যয়ে ‘গ্যাস ট্রান্সমিশন ক্যাপাসিটি এক্সপানশন-আশুগঞ্জ টু বাখরাবাদ’ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, গ্যাস বিতরণের জন্য যত প্রকল্প নেওয়া দরকার এখনই নিতে হবে। আপনার দ্রুত এই বিষয়ে প্রকল্প নিয়ে আসেন। কারণ, এখন স্টিলের দাম কম। গ্যাস পাইপ নির্মাণে ব্যয়ও কম হবে।
২২ হাজার ৮৭৬ কোটি টাকা ব্যয়ে ১০টি উন্নয়ন প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।