৩ দিন না খেয়ে থাকা পরিবারের কাছে ত্রাণ পৌঁছালেন বিজেন ব্যানার্জী

স্টাফ রিপোর্টার
৩ দিন যাবৎ না খেয়ে থাকা তাহিরপুরের উত্তর শ্রীপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা দিন মজুর কবির আহমদ এর পরিবারের কাছে ত্রাণ পৌঁছে দিলেন উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী।
শনিবার দুপুর ২ টায় ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের মাধ্যমে এই ত্রাণ সহায়তা তুলে দেয়া হয়। এসময় একই ওয়ার্ডের ৭ টি হতদরিদ্র পরিবারের হাতে ত্রান তুলে দেয়া হয়। এছাড়াও বাদাঘাট বাজারে আরো ১৫ টি হতদরিদ্র পরিবারের কাছে ত্রান তুলে দেন বিজেন ব্যানার্জী।
ত্রাণ সহায়তা হিসেবে দেয়া হয় ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবণ, ৫০০ গ্রাম ডাল, ৫০০ গ্রাম তেল।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী, উত্তর শ্রীপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক আল মামুন চৌধুরী, রবিউল আওয়াল রবি প্রমুখ।