৩ বছরে ভেঙে গেল শাহপুর সড়ক

স্টাফ রিপোর্টার
সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের শাহপুর-হাসাউড়া পাকা সড়কের বিভিন্ন স্থান গেছে। গত তিন বছর আগে বাংলাদেশ-ভারত সীমান্তের নোম্যানস ল্যান্ডের কাছে এই সড়ক নির্মাণ হয়েছে। দোয়ারা ও সদর উপজেলার মানুষ জেলা শহরের সাথে যোগাযোগের খুবই গুরুত্বপূর্ণ সড়ক শাহপুর-হাসাউড়া সড়ক। প্রতিদিন শত শত গাড়ি ও হাজার হাজার মানুষ এই সড়ক দিয়ে চলাচল করে থাকেন।
স্থানীয়রা জানান, এই সড়কের নির্মাণ কাজ হয়েছে গত তিন বছর আগে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)র আওতায় এই সড়ক নির্মাণ করেন এলাকার ঠিকাদার মোহাম্মদ আবু হানিফ। ইতোমধ্যে সড়কের বিভিন্ন স্থানের গার্ডওয়াল ভেঙে পড়েছে, সড়কের মেঝেতে একাধিক স্থানে ফাটল ধরেছে, কালভার্টের উভয় পাশে ভেঙে গেছে। সড়কের মেঝেতে বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হওয়া শুরু হয়েছে।
পথচারী শাজাহান মিয়া বলেন, হাসাউড়া-শাহপুর সড়ক খুবই ভাল ছিল। কিন্তু তিন বছর যেতে না যেতেই হঠাৎ ধরে ভেঙে যাচ্ছে সড়ক। সড়কের দ্রুত মেরামত প্রয়োজন।
স্থানীয় বাসিন্দা আবুল কাশেম বলেন, সড়কের কাজ যে সময় হয়েছে, সে সময় ভালমানের হচ্ছে না, এটা আমরা দেখেছি। এলাকার ঠিকাদারে এই সড়কের কাজ করায় মানুষ কিছু বলেনি।
সিএনজি চালক জব্বার আলী বলেন, কালভার্টের পাশে ভাঙা স্থানে গিয়ে সতর্ক হতে হয়। নইলে বড় বিপদ ঘটে যেতে পারে। এই সড়ক অতি গুরুত্বপূর্ণ। সড়কের মেরামত জরুরি দরকার।
সদর উপজেলা এলজিইডি’র প্রকৌশলী মো. আনোয়ার হোসেন বলেন, হাসাউড়া-শাহপুর সড়কের যেসব স্থান ভেঙে গেছে, সেসব ভাঙা স্থান নতুনভাবে মেরামতের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। আশাকরি কিছুদিনের মধ্যে বরাদ্দ আসবে। পরেই মেরামত কাজ শুরু হবে।