৪১৯টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব

স্টাফ রিপোর্টার
সনাতন ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় সুনামগঞ্জ সার্কিট হাউজে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
সভায় কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে উৎসব উদযাপনের আহবান জানানো হয়। জেলা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. বিমান কান্তি রায় জানান, এবছর জেলায় ৪১৯টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এরমধ্যে ৪০৪টি সার্বজনীন এবং ১৫টি পারিবারিক পূজা।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজন কুমার সিংহ’র সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরীয়ার, জেলা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. বিমান কান্তি রায়, সাধারণ সম্পাদক বিমল বনিক সহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পূজা কমিটির সভাপতি ও সম্পাদকবৃন্দ।
এর আগে সকাল ১০টায় একই স্থানে ‘নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করি, সুস্থ-সবল বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত দোয়া দিবস উদ্যাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজন কুমার সিংহ, সুনামগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আবুল কাশেম সহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।