আলী আহমদ, জগন্নাথপুর
ব্রিটেনের জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো বাজিমাত করেছেন জগন্নাথপুরের মেয়ে আফসানা বেগম। তিনি লেবার পার্টির মনোনয়ন পেয়ে পূর্ব লন্ডনের পপুলার লাউম হাউজ আসন থেকে ২৮ হাজার ৯০৪ ভোট পেয়ে বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন। তাঁর প্রাপ্ত ভোট ৩৮ হাজার ৬৬০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্ব›ন্দ্বী কনজারভেটিভ পার্টির শ্যাওন ওকে ভোট পেয়েছেন ৯ হাজার ৭৫৬।
যুক্তরাজ্যে বসবাসরত জগন্নাথপুরের কয়েকজন প্রবাসি জানান, বাংলাদেশী বংশোদ্ভূত জগন্নাথপুর পৌরসভার লুদুরপুর এলাকার মনির উদ্দিনের মেয়ে আফসানা বেগমের জন্ম ব্রিটেনে। তাঁর বাবা মনির উদ্দিন টাওয়ার হ্যামলেটসের সাবেক মেয়র ছিলেন। পূর্ব লন্ডনের পপলার লাউম হাউজ আসন থেকে প্রথমবারের মতো একজন বাঙালি নারী হিসেবে আফসানা বেগম এমপি নির্বাচিত হওয়ার জগন্নাথপুরীসহ যুক্তরাজ্যে বসবাসরত বাঙালি কমিউনিটির মধ্যে আনন্দ উৎসব বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিনন্দনের ঝড় বইছে।
জগন্নাথপুর পৌরসভার কাউন্সিলর লুদরপুর গ্রামের মামুন আহমদ জানান, আমাদের এলাকার মেয়ে আফসানা বেগম ব্রিটেনের এমপি নির্বাচিত হওয়াতে খুবই ভালো লাগছে। তিনি শুধু জগন্নাথপুর উপজেলাকে আলোকিত করেননি, তিনি বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন।
যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরের সৈয়দপুর গ্রামের প্রবাসি সৈয়দ সাজিদুর রহমান ফারুক জানান, আফসানা বেগম আমাদের জগন্নাথপুরের মেয়ে। ব্রিটেনের মাটিতে তিনি গর্বিত করেছেন আমাদেরকে। তিনি বলেন, আফসানার বাবা প্রয়াত মনির উদ্দিন লেবার দলের মেম্বার এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক মেয়র এবং কাউন্সিলার ছিলেন। বাবার অনুপ্রেরণায় আফসানা রাজনীতিতে আসেন। আফসানা বেগমের বিশাল জয়ে আমরা আনন্দিত।
এদিকে এবারের নির্বাচনে বাঙালি প্রার্থীদের মধ্যে জয় লাভ করেছেন আরো তিন বাঙালি নারী। তারা হলেন টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, রুশনারা আলী ও রূপা হক।
টিউলিপ রেজওয়ানা সিদ্দিক
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ। তিনি উত্তর-পশ্চিম লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে লড়ে ২৮ হাজার ৮০টি ভোট পেয়ে টানা তৃতীয়বারের মতো জয় লাভ করলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ দলের জনি লুক পেয়েছেন ১৩ হাজার ৮৯২টি ভোট।
এর আগে ২০১৫ সালে লেবার দলের মনোনয়ন পেয়ে প্রথমবারের মতো ব্রিটিশ এমপি নির্বাচিত জন টিউলিপ। ২০১৭ সালে পুননির্বাচিত হয়ে দ্বিতীয়বারের মতো তিনি এই আসনের এমপি হন।
রুশনারা আলী
টানা চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন সিলেটের রুশনারা। লেবার দলের হয়ে পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনে ৪৪ হাজার ৫২টি ভোট পেয়ে নিরঙ্কুশ জয় লাভ করেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভের নিকোলাস পেয়েছেন ৬ হাজার ৫২৮টি ভোট। এর আগে ২০১৭ সালের নির্বাচনে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হন রুশনারা আলী।
রূপা হক
এবার হ্যাটট্রিক করলেন রূপা হক। লেবার দলের হয়ে লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসনে ২৮ হাজার ১৩২টি ভোট পেয়ে টানা তৃতীয়বারের মতো জয় লাভ করেছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভের জুলিয়ান গালান্ট পেয়েছেন ১৪ হাজার ৮৩২টি ভোট। এর আগে ২০১৫ সালের নির্বাচনে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন তিনি। একইভাবে ২০১৭ সালেও নির্বাচিত হন।
এছাড়াও এবারের নির্বাচনে হেরেছেন আরও পাঁচ বাঙালি। তারা হলেন লেবার পার্টির হয়ে আবারডিন নর্থ আসনের নুরুল হক আলী ও সাউথওয়েস্ট হার্টফোর্টশায়ার আসনের আলী আখলাকুল, লিবারেল ডেমোক্র্যাটস দলের হয়ে কার্ডিফ সেন্ট্রাল আসনের বাবলিন মল্লিক ও উইয়ার ফরেস্ট আসনের সাজু মিয়া এবং ক্ষমতাসীন কনজারভেটিভ দলের পক্ষে হ্যারো ওয়েস্ট আসনের আনোয়ারা আলী।


