৫০ শয্যায় উন্নীত ছাতক হাসপাতাল শীঘ্রই চালু হবে -এমপি মানিক

ছাতক প্রতিনিধি
ছাতক-দোয়ারা থেকে নির্বাচিত সংসদ সদস্য, পরিকল্পনা মন্ত্রণালয় ও সরকারী প্রতিষ্ঠান বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, ‘ছাতক হাসপাতালকে ৫০ শয্যায় উন্নীত করতে ৪ তলা বিশিষ্ট একটি সংযোগ ভবন নির্মাণ করা হয়েছে। শিঘ্রই এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। মানুষের মৌলিক চাহিদা খাদ্য, বস্ত্র, শিক্ষা, বাসস্থান ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার পরিকল্পনা অনুযায়ী কাজ করছে। গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা সহজে দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার দেশের প্রায় সকল এলাকায় কমিউনিটি ক্লিনিক চালু করেছে। এসব ক্লিনিকে     জনবল বৃদ্ধিকরণসহ বিদ্যমান সমস্যাবলী সমাধানের ব্যবস্থা নেয়া হবে। সরকার ৪১ সালের মধ্যে এ দেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে।’
বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য কমপেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসপাতালের প্রধান সহকারী কর্মকর্তা আমিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাছির উল্লাহ খান, সাবেক পৌর চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ মজনু, সৈয়দ আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাহাদাত মোহাম্মদ লাহিন, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর-রশীদ, মেডিকেল অফিসার ডা. রাজিব চক্রবর্তী, মুক্তিযোদ্ধা নুরুল আমিন প্রমুখ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন ইউএইচও ডা. অভিজিৎ শর্ম্মা। পরে সাবেক ইউএইচও ডা. গোলাম মাওলা চৌধুরী ও কৈতক হাসপাতালে ইনচার্জ ডা. আব্দুর রব ভূঁইয়ার বিদায় সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, এমপি মুহিবুর রহমান মানিক।