স্টাফ রিপোর্টার
জেলা সড়ক পরিবহনের কার্যালয় ভাংচুর ও শ্রমিক নেতৃবৃন্দকে লাঞ্ছিত করার প্রতিবাদে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের বৃহস্পতিবারের সকাল-সন্ধা পরিবহন ধর্মঘট বেলা ১১ টায় প্রত্যাহার করা হয়।
সকাল ১১ টায় শহরের মল্লিকপুরের নতুন বাসস্টেশনে শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে ধর্মঘটি শ্রমিক নেতাদের সাথে বৈঠক করেন পৌর মেয়র আয়ুব বখ্ত জগলুল। বৈঠকে তিনি আশ্বাস দেন যারা শ্রমিকদের উপর হামলা করেছে, তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং শ্রমিকদের নিরাপত্তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এমন আশ্বাসের ভিত্তিতে শ্রমিক নেতারা সকাল ১১ টায় ভোর ৬ টা থেকে চলা ধর্মঘট প্রত্যহারের ঘোষণা দেন।
শ্রমিক ইউনিয়নের সিলেট বিভাগের নেতা ফলিক মিয়া জানান, সুনামগঞ্জ পৌরসভার মেয়রের পদক্ষেপে সন্তুষ্ট হয়ে সকল পরিবহন শ্রমিকের মতামতের ভিত্তিতে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
সদর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখ্ত জগলুলের হস্তক্ষেপে শ্রমিকদের বিরোধের নিস্পত্তি হয়েছে। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
পৌরসভার মেয়র আয়ুব বখ্ত জগলুল বলেন, ‘পরিবহন নেতৃবৃন্দসহ সাধারণ শ্রমিকদের নিয়ে বৈঠক হয়েছে। তাদেরকে আশ্বাস দিয়েছি আমি মেয়র নয়, সাধারণ জনগণ হিসেবে তাদের পাশে সব সময় থাকব। যারা শ্রমিকদের উপর হামলা করেছে তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। ভবিষ্যতে কেউ এই ধরনের ঘটনা ঘটালে কঠোর ব্যবস্থা নেয়া হবে’।
- যুবলীগের উদ্যোগে শেখ হাসিনার জন্মদিন পালন
- রেল লাইন স্থাপনের দাবি উত্থাপন করায় মুহিবুর রহমান মানিককে অভিনন্দন


