স্টাফ রিপোর্টার
সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য পাঁচজন বিশিষ্ট নারীকে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী পাঁচ নারীকে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করেন।
এবার জেলা পর্যায়ে ৫টি ক্যাটাগরীতে ৫ জন জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন— অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরীতে জগন্নাথবাড়ী পূর্ব বাজারের হামিদা খাতুন। শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরীতে জগন্নাথপুর উপজেলার জগদীশপুর গ্রামের মোছাম্মত সেলিনা বেগম। সফল জননী নারী ক্যাটাগরীতে দিরাই উপজেলার রফিনগর গ্রামের বেগম হাজেরা হাশেম। নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী ক্যাটাগরীতে জামালগঞ্জ উপজেলার সাচনা গ্রামের মমতা রানী চন্দ। সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরীতে বিশ্বম্ভরপুর উপজেলার মিতারা আক্তার।
জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজন কুমার সিংহ, অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার মোদক, সুনামগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তর উপপরিচালক এ জে এম রেজাউল আলম, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক বিকাশ কুমার দাশ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ইফতিসাম প্রীতি।


