স্টাফ রিপোর্টার
শহরের ধারারগাঁও এলাকা থেকে ৫ লাখ টাকা ছিনতাই করে পালানোর সময় টাকাসহ আমীর আলী নামের ছিনতাইকারীকে আটক করেছে জনতা। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দুপুরে শহরের পুরাতন বাসস্টেশন থেকে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের ৫ লাখ টাকা সদর উপজেলার সুরমা ইউনিয়নের মঙ্গলকাটায় নিয়ে যাবার জন্য মোটর সাইকেলে রওয়ানা দেন সোহরাব মিয়া নামের এক ব্যক্তি। ধারারগাঁও পয়েন্টে যাবার পর পেছনে থাকা এক মোটর সাইকেলে চালকসহ ৪ জনের ছিনতাইকারী চক্র সামনের ব্যক্তির মোটর সাইকেলে ধাক্কা দেয়। টাকা বহনকারী সোহরাব এসময় মাটিতে পড়ে গেলে টাকার ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করে ছিনতাইকারীরা। সোহরাব চিৎকার দিলে আশপাশের লোকজন এসে ছিনতাইকারী আমীর আলী (৩০) কে আটকিয়ে পুলিশে সোপর্দ করে। আমীর আলী সদর উপজেলার সুরমা ইউনিয়নের বাঘমারা গ্রামের আলী আহমেদের ছেলে।
সুনামগঞ্জ সদর থানার ওসি শহীদুর রহমান জানান, ঘটনায় জড়িত অন্যদেরও আটকের চেষ্টা করা হচ্ছে।


