৬০টি পরিবারের মধ্যে বেলটার ত্রাণ বিতরণ

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন বাংলাদেশ ইংলিশ ল্যাংগুয়েজ টিচার্স অ্যাসোসিয়েশন (বেলটা)। বুধবার বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বেলটা সিলেট চ্যাপ্টার’র পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন ইউনিয়নের ৬০টি পরিবারের মধ্যে নগদ অর্থ এবং পোশাক বিতরণ করা হয়। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মৃদুল কান্তি সরকার, বেলটা, সিলেট চ্যাপ্টার’র কোঅর্ডিনেটর ও সহকারী অধ্যাপক এস.আই.ইউ প্রণবকান্তি দেব, ট্রেজারার প্রভাষক সুমন রায়, বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, বেলটা জয়েন্ট সেক্রেটারি ও ইংরেজি শিক্ষক এমদাদুল হক মিলন, নির্বাহী সদস্য প্রভাষক মশিউর রহমান, বিশ্বম্ভরপুর প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার বর্মণ ও সাংবাদিক হাসান বশির, বেলটা সদস্য নূর উদ্দিন প্রমুখ।
ত্রাণ বিতরণপূর্ব সংক্ষিপ্ত বক্তৃতায় বক্তারা বলেন, মানুষের প্রধান কর্তব্য হচ্ছে মানুষের দুর্দিনে পাশে দাঁড়ানো। তাই পেশাজীবী সংগঠন হিসাবে সামাজিক দায়িত্ববোধের অংশ হিসাবে বেলটা বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। তারা বলেন, মানবিক দুর্যোগে সবাইকে এগিয়ে আসতে হবে। একা কারো পক্ষে এমন ভয়াবহ সংকট মোকাবেলা সম্ভব নয়। তারা পারস্পরিক সহমর্মিতা দিয়ে বন্যার এ প্রতিকূল সময়কে জয় করার আহবান জানান বক্তারা।