আকরাম উদ্দিন
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা প্রচারণা শুরু করেছেন। আগে থেকেই ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তাঁরা। ধর্মীয় প্রতিষ্ঠান, বাড়ি-ঘর, হাট-বাজারে ভোটারদের দোয়া ও সহযোগিতা কামনা করছেন চেয়ারম্যান প্রার্থীরা।
রঙ্গারচর ইউনিয়নের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসাবে প্রচারণায় রয়েছেন সাবেক চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, মো. আব্দুল মজিদ, মো. আব্দুল করিম। বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী হিসাবে বর্তমান চেয়ারম্যান আব্দুল হাই, মো. নুর উদ্দিন প্রচারণা চালিয়ে যাচ্ছেন। জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থী হিসাবে ফয়জুল হক তালুকদার প্রচারণায় রয়েছেন।
রঙ্গারচর ইউনিয়নের আ.লীগের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বলেন, আমি বিগত সময়ে চেয়ারম্যান পদে নির্বাচন করেছি। আমার স্বপ্ন ছিল ইউনিয়নে তৃণমূল পর্যায়ে পরিকল্পিত উন্নয়ন করার। তাই আমি প্রচারণা চালিয়ে আসছি।
বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী মো. নুর উদ্দিন বলেন, আমি এবারও চেয়ারম্যান পদে নির্বাচন করতে প্রচারণায় আছি। আমি অবশ্যই চেয়ারম্যান পদে নির্বাচন করব। বিজয়ী হলে ইউনিয়নের সকল স্থানে তৃণমূল পর্যায়ে উন্নয়ন করব।
আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সদর উপজেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মজিদ বলেন, আমি দীর্ঘদিন ধরে চেয়ারম্যান পদে নির্বাচন করতে প্রচারণা চালিয়ে আসছি। আমি নির্বাচিত হলে
সরকারী বরাদ্দের মালামাল সঠিকভাবে বণ্টন করব। ভাতার কার্ড নিয়ে দুর্নীতি ও অনিয়ম প্রতিহত করব। ইউনিয়নের সকল গুরুত্বপূর্ণ স্থানের উন্নয়ন করব। নি:স্বার্থ সমাজকর্মী হিসাবে মানুষের পাশে থাকব।
সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো.আবুল কালাম আজাদ বলেন, আমি এবারও নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছি। চেয়ারম্যান থাকাকালীন সময়ে আমি পরিকল্পিত অনেক উন্নয়ন করেছি। এবার নির্বাচিত হলে একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত করব। তবে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করছি।
বর্তমান চেয়ারম্যান মো. আব্দুল হাই বলেন, আমি দীর্ঘদিন ধরে বিএনপি’র রাজনীতির সাথে যুক্ত। আমার দায়িত্ব পালনে ইউনিয়নের অনেক উন্নয়ন হয়েছে। আরও অসমাপ্ত উন্নয়ন কাজ রয়েছে। আগামীতে নির্বাচিত হলে সকল কাজ সুচারুরূপে বাস্তবায়ন করব। আগামী নির্বাচনেও আমি চেয়ারম্যান প্রার্থী হচ্ছি। এই জন্য সপ্তাহের প্রতি শুক্রবারে বিভিন্ন গ্রামে এবং মসজিদে গিয়ে মুসল্লিদের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি। আবার কোনো কোনো বাড়িতে উঠান বৈঠক করছি। ভোটারদের কাছে ভোট চেয়ে চলেছি।


