ইয়াকুব শাহরিয়ার, শান্তিগঞ্জ
অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ঐকান্তিক প্রচেষ্টায় অবশেষে শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের মহাসিং নদীর উপর নির্মিত হতে যাচ্ছে মহাসিং সেতু। ইউনিয়নের রায়পুর গ্রামের কবরস্থান এলাকা থেকে কাদিপুর খেয়াঘাটকে সংযোগ করবে সেতুটি। এতে উপকৃত হবেন ৮ গ্রামের ত্রিশ হাজারেরও বেশি মানুষ।
এদিকে সেতু নির্মাণের জন্য ইতোমধ্যে সম্পন্ন হয়েছে মাটি পরীক্ষা নিরীক্ষার কাজ। চলছে ল্যান্ড সার্ভে। এ সংবাদ লেখা পর্যন্ত ল্যান্ড সার্ভের প্রায় ২০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সার্ভে কর্তৃপক্ষ।
জানা যায়, আরো দু’দিন সময় নিয়ে ব্যাথোমেডিক্স সার্ভে, ট্রপোগ্রাফিক্যাল সার্ভে ও লেভেল বিএম ফ্লাই সার্ভে এন্ড ক্রসসেকশনের কাজ করা হবে। এরপর সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রকৌশলীদের হাতে সার্ভের সামারি তুলে দেয়া হবে। সে অনুপাতে ড্রয়িং করেই সেতুটির নির্মাণ ব্যয় ধরা হবে। আনুমানিক ৫শ’ ফুট দীর্ঘ সেতু হবে বলে ধারণা করছে সার্ভে টিম।
সেতুটিকে কেন্দ্র করে কর্মসংস্থানও হবে কয়েক হাজার মানুষের। সুনামগঞ্জ জেলার শস্যভা-ার খ্যাত দেখার হাওরের সাথে সরাসরি তৈরি হবে সড়ক সংযোগ। এতে কৃষকেরা জমি থেকে সড়কপথে কম খরচে ও কম সময়ে ধান আনা নেওয়া করতে পারবেন। উপকৃত হবেন জেলেরাও। সিলেট ও ঢাকা থেকে মাছ কিনতে আসা ক্রেতারা সরাসরি সড়কপথ ব্যবহারে হাওরের চলে যেতে পারবেন। তখন জেলেদের দীর্ঘপথ পাড়ি দিয়ে পাগলা বাজারে না এসে হাওর পাড়েই কেনাবেচা করতে পারবেন। এছাড়াও সহজ সড়ক পথ হলে দেখার হাওরকে কেন্দ্র করে তৈরি হতে পারে পর্যটন সম্ভাবনা।
স্থানীয়রা জানান, গত নির্বাচনে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান পশ্চিম পাগলা ইউনিয়নের মহাসিং নদীর উপর সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী শুরু হচ্ছে নির্মাণ কাজ। এতে উপকৃত হবেন জয়কলস ইউনিয়নের আসামপুর, পশ্চিম পাগলা ইউনিয়নের উত্তর কাদিপুর, দক্ষিণ কাদিপুর, শরীয়তপুর, মানিকপুর ও পূর্ব পাগলা ইউনিয়নের খাড়ারাই, চিকারকান্দি, রনসী গ্রামের ৩০ হাজারেরও বেশি মানুষ।
আসামপুর গ্রামের হুমায়ুন কবির, কাদিপুরের হাজি কমর আলী, আবদুল কাইয়ুম, আজাদুল হক আজাদ ও শিবলী মিয়া বলেন, আমাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।
পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নূরুল হক বলেন, মন্ত্রী মহোদয় আমাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি তাঁর কথা রেখেছেন। আমরা মন্ত্রী মহোদয়ের কাছে কৃতজ্ঞ।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, মহাসিং নদীর উপর সেতু হবে এটি আমার নিজেরও একটা স্বপ্ন। এ জন্য আমি বারবার স্থানীয় সরকার প্রকৌশলকে বলেছি। আশা করছি আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই এ সেতুর একটি বাস্তব রূপ আমরা দেখতে পাবো।
- জগন্নাথপুরে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট হচ্ছে
- একনেকে জগন্নাথপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট অনুমোদন লাভ করায় আনন্দ মিছিল


