বিন্দু তালুকদার
সুনামগঞ্জের ৮ টি গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদিত হয়েছে। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সেতু প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়।
এর মধ্যে জেলার অন্যতম সেতু হচ্ছে তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর উপর সেতু। এছাড়াও জেলার আরো সাতটি নদীতে সেতু নির্মাণ করা হবে। টেকেরঘাট-লাউড়েরগড় সড়কে যাদুকাটা নদীর উপর ৭৫০ মিটার সেতু নির্মাণে খবরে তাহিরপুরবাসী অত্যন্ত খুশি। এছাড়া জেলার প্রত্যন্ত এলাকার অনেকগুলো সেতু নির্মাণের প্রকল্প অনুমোদন হওয়ায় খুশি ধর্মপাশা, মধ্যনগর ও জামালগঞ্জের লোকজন। অনুমোদিত সেতুগুলোর নির্মাণ কাজ বাস্তবায়ন হলে এক সময়ের অবহেলিত হাওর এলাকা বদলে যাবে বলে মন্তব্য করেছেন বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।
দিরাই উপজেলা সদরের ব্যবসায়ী জাকারিয়া হোসেন জোসেফ বলেন,‘দিরাই-ধল-মার্কুলি সড়কে কাজুয়া নদীর (মরা কুশিয়ারা) উপর সেতু নির্মাণের দাবি ছিল দীর্ঘদিনের। এই নদীর উপর সেতু নির্মাণ হলে আমাদের বহু দিনের স্বপ্ন বাস্তবায়ন হবে। দিরাই থেকে খুব কম সময়ে হবিগঞ্জ তথা রাজধানী শহরের সাথে সহজ সড়ক যোগাযোগ স্থাপন হবে।’
মধ্যনগর থানার চামরদানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান থানা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক প্রভাকর তালুকদার পান্না বলেন,‘ মধ্যনগর-মহেষখলা সড়কের সুমেশ্বরী নদী ও মধ্যনগরবাজার সংলগ্ন উবদাখালি নদীর উপর দুইটি সেতু নির্মাণ হলে মধ্যনগর থানা এলাকা বদলে যাবে। মধ্যনগর আর অবহেলিত থাকবে না। দু’টি সেতু নির্মাণ প্রকল্প বাস্তবায়ন হলে মধ্যনগরের সাথে সুনামগঞ্জ জেলা সদর ও ধর্মপাশা-মোহনগঞ্জ হয়ে রাজধানী ঢাকার শহরের সাথে সড়দক যোগাযোগ স্থাপিত হবে। এসব কাজ শুধুমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্যোগেই সম্ভব হচ্ছে। এই দুইটি নদীর উপর সেতু নির্মাণ মধ্যনগর তথা হাওরবাসীর জন্য ইতিহাস হয়ে থাকবে।’
তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও লাউড় বালি-পাথর সমবায় সমিতির সভাপতি নিজাম উদ্দিন বলেন,‘যাদুকাটা নদীর উপর সেতু নির্মাণ আমাদের তাহিরপুর উপজেলাসহ জেলাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল। এই নদীতে সেতু নির্মাণের ফলে তাহিরপুরসহ সীমান্ত এলাকার লোকজনের জীবনযাত্রার মানের পরিবর্তন হবে। যোগাযোগ ব্যবস্থায় অভূতপূর্ব উন্নয়ন গঠবে। সীমান্তের তিনটি স্থলবন্দর ও এলাকার সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে। সুনামগঞ্জের ৮টি নদীকে সেতু নির্মাণ প্রকল্প অনুমোদন দেয়া বর্তমান আওয়ামী লীগ সরকারের উন্নয়নের একটি মডের। যাদুকাটা সেতু নির্মাণ প্রকল্প অনুমোদন হওয়ায় আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও আমাদের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন সাহেবের কাছে কৃতজ্ঞ। তাহিরপুরবাসীর পক্ষ থেকে আমি তাঁদেরকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাই। ’
জামালগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার অ্যাড. আসাদ উল্লাহ সরকার বলেন,‘ জয়শ্রী- গোলকপুর সড়কে জয়শ্রী বাজার সংলগ্ন বুরাইয়া নদী ও গোলকপুর-সাচনাবাজার সড়কের বৌলাই নদীর উপর নেতু নির্মাণ হলে হাওর এলাকার ব্যাপক উন্নয়ন হবে। খুব কম সময়ে ও কম খরচে সুনামগঞ্জ থেকে ব্যবসায়ীসহ সাধারণ মানুষ ধর্মপাশা-মোহনগঞ্জ, নেত্রকোনা-ময়মনসিংহ হয়ে সহজে ঢাকা আসা-যাওয়া করতে পারবে। এই দু’টি সেতু নির্মাণের ফলে বর্তমান সরকারের আমলের হাওর এলাকার উন্নয়ন মাইলফলক হয়ে থাকবে। অবহেলিত হাওরবাসীর মুখে হাসি ফুটবে। ’
উল্লেখ্য, মঙ্গলবার একনেকের বৈঠকে জেলার মধ্যনগর-মহেষখলা সড়কের সুমেশ্বরী নদীর উপর ২০০ মিটার সেতু, মধ্যনগরবাজার সংলগ্ন উবদাখালি নদীর উপর ৩০০ মিটার সেতু, জয়শ্রী- গোলকপুর সড়কে জয়শ্রী বাজার সংলগ্ন বুরাইয়া নদীর উপর ৩০০ মিটার সেতু, গোলকপুর-সাচনাবাজার সড়কের বৌলাই নদীর উপর ৩০০ মিটার সেতু, দিরাই-ধল-মার্কুলি সড়কে কাজুয়া নদীর (মরা কুশিয়ারা) উপর ৩০৮ মিটার সেতু, মহেষখলা-টেকেরঘাট-লাউড়েরগড় সড়কে যাদুকাটা নদীর উপর ৭৫০ মিটার সেতু, বাদাঘাট-কাউকান্দি-টেকেরঘাট সড়কের ডাম্পেরবাজার সংলগ্ন পাটলাই নদীর উপর ৪০০ মিটার সেতু, ছাতক উপজেলার মঙ্গলপুর বাজার সংলগ্ন আনুজানি সড়কে চেলা নদীর উপর ৪৫ মিটার সেতু নির্মাণ প্রকল্প দেয়া অনুমোদন হয়েছে। সুনামগঞ্জ এলজিইডি’র দায়িত্বশীল প্রকৌশলীরা জানিয়েছেন, প্রায় ২০০ কোটি টাকা ব্যয় এই প্রকল্পগুলো বাস্তবায়ন হবে।


