পৃথক নৌকা ডুবির ঘটনায় বাবা মেয়ে নিখোঁজ, ১ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার
ধর্মপাশা ও তাহিরপুরে পৃথক নৌকা ডুবির ঘটনায় একজনের মৃত্যু ও এবং বাবা মেয়ে নিখোঁজ রয়েছেন। ধর্মপাশায় নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চালাতে নেত্রকোণার মোহনগঞ্জ থেকে ডুবুরি আনা হচ্ছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর থেকে শনিবার পাশের জামালগঞ্জ উপজেলার আমানীপুর গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেতে নারী, শিশুসহ একই পরিবারের ছয়জন একটি ইঞ্জিনচালিত ট্রলারে রওনা হন। উপজেলার চন্দ্রসোনার তাল হাওরের শয়তানখালী এলাকায় পৌঁছালে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এসময় ট্রলারে থাকা লোকজনের চিৎকারে আশপাশের লোকজন নৌকা নিয়ে ছুটে এসে অন্যদের উদ্ধার করলেও বাবা সামান মিয়া (৩২) ও ৩ বছরের শিশু কন্যা তানজিনা আক্তার নিখোঁজ রয়েছে।
ধর্মপাশার ওসি মো. দেলোয়ার হোসেন জানিয়েছেন, স্থানীয়রা অনেক চেষ্টা করেও নিখোঁজ বাবা মেয়ের লাশ উদ্ধার করতে পারেন নি। নেত্রকোণার মোহনগঞ্জ থেকে ডুবুরি দল আনা হচ্ছে উদ্ধার তৎপরতা চালানোর জন্য।
এদিকে, রোববার সকালে জেলার তাহিরপুর উপজেলার পাঠলাই নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকাল ৮ টায় নিখোঁ ঐ যুবকেরর মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবকের নাম তৌফিক মিয়া (৩০) সে উপজেলার খলিশাজুরী গ্রামের মুক্তিযোদ্ধা মো. ফকির সিরাজ মিয়ার ছেলে।
তাহিরপুর থানার ওসি আতিকুর রহমান জানান,ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ঐ যুবকের মরদেহ আজ রোববার সকালে নদী থেকে উদ্ধার করা হয়েছে। নিহতের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।