ছাতকে রেলওয়ে দুর্নীতি, তদন্ত কমিটি গঠন

জাউয়া প্রতিনিধি
ছাতক রেলওয়ে বিভাগের নানা অনিয়ম-দুর্নীতির তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় নির্বাহী প্রকৌশলী কার্যালয়ের প্রধান সহকারী, ভারপ্রাপ্ত উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত এক মোটর ড্রাইভারের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এই কমিটি গঠন করা হয়।
গত অক্টোবর মাসে রেলওয়ের প্রধান সহকারীসহ ৩ জনের বিরুদ্ধে জনৈক ব্যক্তি রেলওয়ে প্রধান প্রকৌশলী পূর্ব (সিআরবি) চট্টগ্রাম বরাবরে এক লিখিত অভিযোগ করেন। তদন্ত কমিটিতে রেলপথ মন্ত্রণালয়ের উপ-সচিবকে আহবায়ক করা হয়েছে। লিখিত ওই অভিযোগে বলা হয়, নির্বাহী প্রকৌশলী ছাতক বাজার শাখার প্রধান সহকারী সুরঞ্জন পুরকায়স্থ, ভারপ্রাপ্ত উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী আব্দুল নুর ও তার ছেলে ভারপ্রাপ্ত মোটর ড্রাইভার মাহবুবুর আলম বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে। পিতা-পুত্র একই দপ্তরে থেকে ছাতক রেলওয়ে শাখাকে জিম্মি করে রেখেছেন। মোটর ড্রাইভার মাহবুবুর আলমের নামে রয়েছে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান।
দীর্ঘদিন ধরে এখানে নির্বাহী প্রকৌশলী না থাকায় স্থানীয় দপ্তর পুরো নিয়ন্ত্রণ করছেন প্রধান সহকারী সুরঞ্জন পুরকায়স্থ। তার বিরুদ্ধে রেলওয়ে কর্মচারীদের অবসরকালীন চূড়ান্তকরন বিলের নিষ্পত্তির জন্য ৪০/৫০ হাজার টাকা দিতে হয় বলে অভিযোগ রয়েছে। লোকবল সংকটের কারণে ১০জন টিএলআর নিয়োগ দেওয়ার আদেশ হলেও সুরঞ্জন পুরকায়স্থ ও আব্দুল নুর গত আগস্ট মাস থেকে ৫ জনকে মাসিক ৮ হাজার টাকা বেতনে নিয়োগ দিয়ে প্রতি মাসে ৭০/৮০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এছাড়াও ভুয়া টিএ বিল তৈরী করেও টাকা আত্মসাতের অভিযোগ আছে। ভারপ্রাপ্ত উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী আব্দুল নুর সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ কোয়ারী এলাকায় বালু-পাথর বিক্রি, রেলওয়ের বাসা-বাড়ি ও নদী সংলগ্ন এলাকা ভাড়া দিয়ে সরকারের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
তদন্ত কমিটির আহবায়ক রেলপথ মন্ত্রণালয়ের উপ-সচিব (প্রশাসন-৪) মীর আলমগীর হোসেন বলেন, এ বিষয়ে কমিটি আলোচনায় বসবে এবং শিঘ্রই তদন্ত কমিটির কার্যক্রম শুরু করা হবে।