ইয়াকুব শাহরিয়ার
অনেকদিন অপেক্ষার পর উপজেলার নাম দক্ষিণ সুনামগঞ্জ থেকে পরিবর্তন হয়ে শান্তিগঞ্জ নামকরণ করা হয়েছে। আজ প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)’র সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। সিদ্ধান্ত অনুযায়ী এ উপজেলার নাম আজ থেকে দক্ষিণ সুনামগঞ্জ নয়, নতুন নাম শান্তিগঞ্জ।
এ ঘোষণায় খুশি শান্তিগঞ্জ উপজেলাবাসী। ঘোষণার পর থেকেই তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্নভাবে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করছেন। ২০১৯ সালের মাঝামাঝি সময় থেকেই দক্ষিণ সুনামগঞ্জ উপজেলাবাসী তাদের উপজেলার নাম পরিবর্তন করে একটি স্বতন্ত্র নাম হিসেবে শান্তিগঞ্জ নামকরণ দাবি করেন। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানও নাম পরিবর্তনের ব্যপারে সক্রিয় ছিলেন। তখনই উপজেলার নাম পরিবর্তনের প্রস্তাবনা পাঠানো হয়। পরিকল্পনামন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় দীর্ঘ ২ বছরের অপেক্ষার পর আজ নিকারের সভায় নাম পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত এসেছে। এতে খুশি উপজেলার ৮টি ইউনিয়নের জনসাধারণ।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন বলেন, অনেক বাধা উপেক্ষা করে আমরা আমাদের নিজেস্ব নাম পেয়েছি। এলাকার রাজনৈতিকমল থেকে শুরু করে সাধারণ মানুষের মাঝে আনন্দের জোয়ার বইছে। সাধারণ মানুষের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান স্যারসহ নিকার সকল সদস্যদের ধন্যবাদ জানাচ্ছি।
এ ব্যাপারে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, শান্তিগঞ্জ স্বতন্ত্র ও সুন্দর একটি নাম। আমার নির্বাচনী এলাকার আপামর মানুষের দাবি উপজেলার নাম শান্তিগঞ্জ হোক। অনেক কষ্ট করে, গোপনীয়তা রক্ষা করে কাজটি করতে হয়েছে। ষড়যন্ত্রকারীরা শেষ মূহুর্ত পর্যন্ত চক্রান্ত করেছে যেনো আমরা সফল না হই। অবশেষে আমরা সফল হয়েছি। সবকিছুর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি নিকার সকল সদস্যদের। আমাদের দাবি পূরণ হয়েছে। আমরা নিজেরা একটি নিজস্ব নাম পেয়েছি।
উল্লেখ্য, একই ঘোষণায় দীর্ঘদিন থেকে ঝুলে থাকা মধ্যনগর থানাকেও উপজেলায় উন্নীত করা হয়েছে। বিষয়গুলো পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান নিজেই নিশ্চিত করেছেন।


