দিরাই সংবাদদাতা
বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন তথ্যআপা: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন শীর্ষক প্রকল্পের মাধ্যমে নারীদের দৈনন্দিন সমস্যা সমাধান বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় দিরাই উপজেলার সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজে হলরুমে এতে বাল্য বিবাহরোধ, নারী নির্যাতনের প্রতিকার ও মহিলাদের ক্ষমতায়নের বিষয়ে আলোচনা হয়।
সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজের অধ্যক্ষ প্রদীপ কুমার দাসের সভাপতিত্বে ও তথ্যসেবা কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস সোনিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা নাহিদ আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ সম্প্রসারন কর্মকর্তা মো. মাহবুব খান, দিরাই উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও কলেজের নির্বাহী কমিটির সদস্য জনাব সিরাজউদ্দৌলা তালুকদার।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা নাহিদ আহমেদ বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য দেশের সকল পর্যায়ে নারীদের ক্ষমতায়নের বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে। দেশের প্রধানমন্ত্রী নারী, স্পীকার নারী, দেশের গুরুত্বপূর্ণ পদে নারীদের আসীন উল্লেখ করে আরো বলেন, একটি জাতিকে উন্নত ও সমৃদ্ধ হতে হলে সকল মহিলা ও পুরুষদের লিঙ্গগত ভেদাভেদ ভুলে কাজ করে যেতে হবে।


