বিন্দু তালুকদার
কাজের বিনিময়ে টাকা (কাবিটা) প্রকল্পের হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের কাজ প্রতি বছরের ন্যায় এবারো নির্দিষ্ট সময়ে শুরু হয় নি। পিআইসি (প্রকল্প বাস্তবায়ন কমিটি) গঠনে বিলম্বসহ নানা কারণে জেলার কোন হাওরেই বাঁধ নির্মাণ ও মেরামতের কাজ শুরু করতে পারেনি পাউবো।
চলতি বোরো মৌসুমে জেলার মোট ৩৭টি বড় হাওরসহ মোট ৪২টি হাওরের ২৩০ টি পিআইসি (প্রকল্প বাস্তবায়ন কমিটি) মাধ্যমে বাঁধ নির্মাণ ও রক্ষণাবেক্ষণের কাজ করবে জেলা পানি উন্নয়ন বোর্ড। এবারের মোট বরাদ্দ ধরা হয়েছে ১০ কোটি ৭২ লাখ টাকা।
জেলায় ২৩০ টি পিআইসির মধ্যে জেলার দিরাই উপজেলায় ৩৭টি, শাল্লা ৪২ টি, ছাতক উপজেলায় ৩ টি ও দোয়ারাবাজার উপজেলায় ১১ টি পিআইসি কমিটি এখনও গঠন করা সম্ভব হয়নি বলে জানা গেছে। জেলার ১১ উপজেলার অন্য ৭ টি উপজেলায় বেশ আগেই পিআইসি গঠনের কাজ শেষ হয়েছে। পিআইসি গঠনে বিলম্বের কারণে নিয়ম অনুযায়ী প্রতি বছরের ১৫ ডিসেম্বর থেকে বাঁধের কাজ শুরু করার কথা থাকলে কাজ শুরু হয় নি।
পাউবো সূত্রে জানা যায়, দিরাই-শাল্লার সংসদ সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত ও ছাতক-দোয়ারায় স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান পিআইসিতে তাঁদের মনোনীত সদস্যদের নামের তালিকা প্রদানে দেরী করার কারণে ওই চার উপজেলায় চূড়ান্তভাবে পিআইসি গঠন করতে পারেনি পাউবো কর্তৃপক্ষ।
এ ব্যাপারে কথা বলতে দিরাই-শাল্লার সংসদ সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত ও ছাতক-দোয়ারার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের সাথে কথা বলতে তাঁদের ব্যক্তিগত মোবাইল ফোনে বেশ কয়েক চেষ্টা করলে ফোন রিসিভ করেন নি তাঁরা।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের দিরাই উপ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী খলিলুর রহমান বলেন,‘ দিরাই-শাল্লার সংসদ সদস্য সুরঞ্জিত সেন মহোদয় অসুস্থ থাকায় উনার কাছ থেকে কমিটির সদস্যদের নাম পেতে একটু দেরী হচ্ছে। আমি ঢাকায় গিয়ে উনার সাথে দেখা করে কমিটিতে সদস্যদের নাম দেয়ার অনুরোধ জানিয়েছি। আমাদের আশা খুব তাড়াতাড়ি কমিটি গঠন করা হবে।’
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী সুনামগঞ্জ পওর উপ বিভাগ ১ ও ২ এর উপ বিভাগীয় প্রকৌশলী রনজন দাস বলেন,‘ ছাতক-দোয়ারা ছাড়া আমার দায়িত্বের অন্তর্ভুক্ত অন্য সকল উপজেলার পিআইসি গঠনের কাজ শেষ। স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক সাহেব বলেছেন আগামী ২৮ তারিখ তালিকা দিয়ে দিবেন। তার পর আমরা উপজেলা পর্যায়ে সভা করে ওই দুই উপজেলার চূড়ান্ত কমিটি গঠনের কাজ শেষ করব।’
- ‘দি অপটিমিস্ট’র শিক্ষা সহায়তা প্রদান
- জেলার অর্থনৈতিক শুমারির চূড়ান্ত রিপোর্ট প্রকাশ এক দশকে ৫০ হাজার ৭২২ অর্থনৈতিক প্রতিষ্ঠানের সৃষ্টি


