জগন্নাথপুরে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম- অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে চাই

জগন্নাথপুর অফিস
নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেছেন,‘বাংলাদেশের জন্য একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা করতে আমরা দৃঢ় চিত্তে কাজ করছি। আমাদের নির্বাচনী ব্যবস্থা নিয়ে বর্হিবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি যেন ভাল থাকে সেদিক খেয়াল রেখে কাজ করছি। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন যাতে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সেজন্য আমরা সকল ব্যবস্থা গ্রহণ করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছি।’
মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচন কে সামনে রেখে নির্বাচনী আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা শেষে স্থানীয় সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে উপরোক্ত কথা বলেন তিনি।   
তিনি বলেন, আওয়ামীলীগ ও বিএনপিসহ সকল রাজনৈতিক দলের মধ্যে গণতান্ত্রিক ও আস্থার পরিবেশ গড়ে উঠবে এটাই আমরা কামনা করি। আমরা আমাদের সন্তানদের জন্য একুটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই।
এসময় সঠিকভাবে দায়িত্ব পালন করে জনগণের আস্থা অর্জনে তিনি আইনশৃঙ্খলা বাহিনীসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রির্টানিং অফিসার কামরুজ্জামান, পুলিশ সুপার হারুণ অর রশীদ, র‌্যাব-৯ সুনামগঞ্জের অধিনায়ক ফয়সল আহমদ, সুনামগঞ্জ -২৮ বিজিবির উপ-কমান্ডার মেজর মাহবুবুল আলম, জগন্নাথপুরের ইউএনও মো. মাসুম বিল্লাহ, এসপি সার্কেল মাহবুবুর রহমান, জেলা নির্বাচন অফিসার সাদেকুল ইসলাম প্রমুখ।
এর পূর্বে দুপুরে জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও          অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রির্টানিং অফিসার কামরুজ্জামানের পরিচালনায় নির্বাচনী আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে রাখেন।  সভায় জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আকমল হোসেন, বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান, আওয়ামীলীগ মনোনীত ভাইস চেয়ারম্যান প্রার্থী বিজন কুমার দেব, স্বতন্ত্র ভাইস চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিন ও ফয়জুল হক, বিএনপি মনোনীত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফারজানা আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় অবাধ, সুষ্ঠ ও একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণকারী সকাল প্রার্থীরা অঙ্গিকারবদ্ধ হন।