আবু হানিফ চৌধুরী, দিরাই
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের উপ নির্বাচনে অংশ গ্রহণের লক্ষে শেষ দিনে (বৃহস্পতিবার) মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫ প্রার্থী। এরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রয়াত সুরঞ্জিত সেন গুপ্তের স্ত্রী ড. জয়া সেন গুপ্তা, জাপা’র (এরশাদ) প্রার্থী শেখ মোহাম্মদ জাহির আলী এবং জাসদ (আম্বিয়া) মনোনীত প্রার্থী সালেহীন আহমদ চৌধুরী শুভ, জাসদ (ইনু) মনোনীত প্রার্থী মো. আমিনুল ইসলাম ও মো. ছায়েদ আলী মাহবুব হোসেন (স্বতন্ত্র)।
বিকাল পৌনে ৩ টায় দিরাই উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে মনোনয়ন জমা দেন- ড. জয়া সেন গুপ্তা।
বিকাল পৌনে ৪ টায় শেখ মোহাম্মদ জাহির আলী ও সালেহীন চৌধুরী শুভ এবং বিকাল পৌনে ৫ টায় মো. আমিনুল ইসলাম ও মো. ছায়েদ আলী মাহবুব হোসেন জেলা শহরের মল্লিকপুরে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন জমা দেন।
ড. জয়া সেন গুপ্তা মনোনয়ন জমা দেওয়ার সময় সুরঞ্জিত সেন গুপ্তের দিরাইয়ের বাসভবনে (উপজেলা আওয়ামী লীগের কার্যালয়) সহ¯্রাধিক নেতা কর্মী সমবেত হন। পরে দলীয় নেতা মুহিবুর রহমান মানিক এমপি, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল মজিদ খান এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, কৃষক লীগের কেন্দ্রীয় মানব সম্পদ বিষয়ক সম্পাদক অ্যাড. শামীমা শাহ্রিয়ার, দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছাব উদ্দিন সরদার, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, যুগ্ম সম্পাদক দিরাই পৌরসভার মেয়র মোশারফ মিয়া, শাল্লা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিম চন্দ্র দাস, সাধারণ সম্পাদক আল আমিন চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক অ্যাড. শামছুল ইসলাম, দিরাই পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান বুলবুল, যুক্তরাজ্য আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক
কেন্দ্রীয় যুবলীগের সদস্য ব্যারিস্টার অনুকুল তালুকদার ডাল্টন প্রমুখ নেতৃবৃন্দ জয়া সেন গুপ্তার সঙ্গে গিয়ে মনোনয়ন দাখিল করেন।
আগামী ৩০ মার্চ দিরাই- শাল্লা উপ-নির্বাচনের ভোটগ্রহণের দিন ধার্য করে প্রয়াত সংবিধান প্রণেতা সুরঞ্জিত সেন গুপ্তের আসনের (সুনামগঞ্জ-২) উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
উপ-নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল বৃহস্পতিবার। বাছাই ৫ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৩ মার্চ এবং ভোটগ্রহণ হবে ৩০ মার্চ। নির্বাচনে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।
নির্বাচনে মোট ভোটার রয়েছে ২ লাখ ৫২ হাজার ৪৩০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৬ হাজার ২২৮ জন এবং নারী ভোটার ১ লাখ ২৬ হাজার ২০২ জন।
দিরাই ও শাল্লা উপজেলা নিয়ে সুনামগঞ্জ-২ আসনের ১৩ টি ইউনিয়নের ১১০ টি ভোটকেন্দ্রের ৫০২ টি ভোটকক্ষে ভোটগ্রহণ করা হবে।
গত ৫ ফেব্রুয়ারি সুরঞ্জিত সেন গুপ্তের জীবনাবাসন হওয়ায় আসনটি শূন্য হয়।
দিরাই-শাল্লা উপনির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এসএম এজহারুল হক ৫ প্রার্থী’র মনোনয়ন প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।


