স্টাফ রিপোর্টার
জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুটকে সংবর্ধনা দিয়েছে জেলা ইমারাত নির্মাণ শ্রমিক ঐক্য পরিষদ। বুধবার বিকাল ৩ টায় সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে এই সংবর্ধনা আয়োজন করা হয়।
জেলা ইমারাত নির্মাণ শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি শাহজাহান গাজীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট বলেন,‘শ্রমিক বেচে থাকলে আমরা বাঁচবো। তারা এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে। শ্রমিকদের উন্নয়নে আওয়ামী লীগ সরকার প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করে আসছে। তিনি আরো বলেন,‘ আমি ছোট বেলা থেকে রাজনীতির সাথে জড়িত। সাধারণ মানুষের স্বার্থে সব সময় পাশে আছি পাশে থাকবো। শ্রমিকদের স্বার্থ রক্ষায় কোন অন্যায়ের সাথে আপোষ হবে না। তাই ইমারত নির্মাণ শ্রমিকদের অধিকার রক্ষায় সকলকে কাধে কাধ মিলিয়ে কাজ করতে হবে।’
সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মুকিতের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পৌরসভার মেয়র আয়ূব বখত জগলুল, দক্ষিণ সুনামগঞ্জ
উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, বাংলাদেশ বিল্ডিং ওয়ার্কাস ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক শাহ আলম, সিলেট অঞ্চল এর সভাপতি শেখ তোফায়েল আহমদ সেবুল, প্রভাষক রুকনুজ্জামান, অ্যাড. শাহীন আহমদ প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন মান্নারগাঁও ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি তাহের উদ্দিন, নির্মাণ শ্রমিক ইয়াসমিন বেগম প্রমুখ। বক্তব্য শেষে অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ইমারত নির্মাণ শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। পরে সন্ধ্যায় স্থানীয় ও অতিথি শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


