চরিত্রটি কাল্পনিক

স্বপন কুমার রায়
এসো রাজনীতি করি
নীতিহীন রাজার দেশে
প্রজার সর্বস্ব করি লুট
এসো খেতা পুড়ি
এসো নেতা হই।
এসো তলে তলে বেয়াই হই
বাইরে দা-কুমড়ো বিরোধী দল
ইলেকশানে জামানত বাজেয়াপ্ত হয় হোক
পার্টনারশীপ ব্যবসার সূচক যেন থাকে উর্ধ্বমুখী।
রাখোতো বাপু,বর্ষায় রাস্তা খোঁড়ার সস্তা প্ল্যান
এসো দেশ বেচার প্ল্যান করি
এসো পার্সেন্টেজ-এর টাকা স্যুইচ ব্যাংকে জমাই
দেশে ফকির সাজি
এসো রাজনীতির ভেতর পলিটিক্স করি।
এসো সঙ-বিধান নিয়ে কুত্কুত খেলি
ইতিহাস কাঁদা গোল্লা পাকিয়ে
ছুড়াছুঁড়ি করি ভবিষ্যৎ
এসো মুখোশ পরি
এসো রাজনীতি করি।
কোন পক্ষে যাবে জনগণ
ডানপক্ষে শনি সিংহাসন
বামপক্ষে রাহুর গ্রহণ
ধর্ম কাঁটার বর্ম পরে
এসো মধ্যপক্ষে থাকি
এসো রাজনীতি করি।
এসো মূর্খ হই
এসো বিবেকহীন হই
এসো নেতা হই
এসো রাজনীতি করি।