হাওরজুড়ে দুর্গন্ধ, ভেসে উঠছে মরা মাছ

এনামুল হক এনি, ধর্মপাশা
ধান, গরু সব গেল। একমাত্র ভরসা ছিল হাওরের মাছ। ফসল হারিয়ে গরু বিক্রি করে হাওরাঞ্চলের কৃষক যখন মাছ শিকার করে জীবিকা নির্বাহ করার স্বপ্ন দেখছিল তখন সেই মাছও মরে মরে পানিতে ভেসে উঠছে আর অসহায় কৃষকের স্বপ্নকে পরিণত করছে দুঃস্বপ্নে। বিশেষজ্ঞরা বলছেন, কৃষি কাজে ব্যবহৃত কীটনাশক ও সার পানিতে মিশে বিষক্রিয়া সৃষ্টি হয়ে অক্সিজেনের পরিমাণ কমে গিয়ে এমনটি হতে পারে। একদিকে বিকল্প কর্মসংস্থান ও খাদ্যের অভাব অন্যদিকে মাছের এমন বিপর্যয় হাওরপাড়ের মানুষকে এক নতুন দুর্ভোগের দিকে ঠেলে দিচ্ছে।
সোমবার দুপুরে ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের বকুল হাওলাদার বাড়ির সামনে হাওরের পানিতে নেমেছিলেন গোসল করতে। তিনি পানিতে নেমে যখন কুলি করার জন্য পানি মুখে দিলেন, তখন দুর্গন্ধে সেই পানি মুখ থেকে ফেলে দেন। তিনি পানি থেকে উঠে আসার পর শরীরে চুলকানি শুরু হয়ে যায়।
ধর্মপাশা উপজেলার ধারাম, ধানকুনিয়া, টগা, জয়ধনা, শাসকা, সোনামড়লসহ বিভিন্ন হাওরে বোয়াল, পাবদা, টেংরা, বাইমসহ বিভিন্ন প্রজাতির ছোট বড় মাছ রোববার থেকে মরে পানিতে ভেসে উঠছে। স্থানীয় লোকজন সেই মাছ পানি থেকে জাল দিয়ে সংগ্রহ করছে। সংগৃহীত মাছ কেউ কেউ বিক্রি করছে আবার কেউ নিজেদের খাবার প্রয়োজনে ব্যবহার করছে। বিষক্রিয়ায় মৃত্যু হওয়ার ফলে এসকল মরা মাছ ভক্ষণে হাওরপাড়ের মানুষজন ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। হাওরের পানি গোসল থেকে শুরু করে ঘর গৃহস্থালির প্রয়োজনীয় কাজে ব্যবহার করা হচ্ছে। দুর্গন্ধযুক্ত দূষিত পানি ব্যবহারের ফলে পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে হাওরপাড়ের মানুষের।
ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ইসলামপুর গ্রামের কৃষক গোলাম মোস্তফা। তিনি সোমবার সকালে বাড়ির পার্শ্ববর্তী ধানকুনিয়া হাওর থেকে প্রায় দশ কেজি বিভিন্ন জাতের মরা মাছ সংগ্রহ করেছেন। তিনি বলেন, ‘আমিতো কম মাছ পাইছি। যারার (যাদের) নাও (নৌকা) আছে তারা আরও বেশি মাছ হাইছে (পাইছে)।’dharmapasha-fish-1
জয়শ্রী ইউনিয়নের বাদেহরিপুর গ্রামের জেলে আলমগীর হোসেন বলেন, ‘আমি মাছ ধরি ও বেচি। আওরের পানিতে অহন মরা মাছ ভাসতাছে। এই মরা মাছ ডরাইয়া কেউ কিনতে চায়না। যদি একটু জেতা (জীবিত) তাহে তাইলেই বেচন যায়।’
সমকাল’র মোহনগঞ্জ উপজেলা প্রতিনিধি মো. আল মামুন তালুকদার বলেন, ‘মোহনগঞ্জের ডিঙ্গাপোতা হাওরে মাছ মরে পানিতে ভেসে উঠছে। হাওরে মরা মাছ ধরার হিড়িক পড়েছে। হাওরের পানিতে রয়েছে প্রচুর দুর্গন্ধ। মাছ সংগ্রহ করে কৃষক ও জেলেরা বিক্রির জন্য সোমবার সকাল থেকেই মোহনগঞ্জ বাজারে নিয়ে আসছে।’
ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরহাদ আহমেদ বলেন, ‘হাওরের পানিতে এখন প্রচুর দুর্গন্ধ। হাওরাঞ্চলের মানুষজন ফসল হারিয়ে মাছ ধরে জীবিকা নির্বাহের যে স্বপ্ন দেখছিল তা এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। প্রতিনিয়ত মাছ মরে পানিতে ভেসে উঠছে। এসব মাছ খেয়ে মানুষজন অসুস্থ হয়ে যেতে পারে।’
মধ্যনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার বলেন, ‘আমার এলাকার হাওরে মাছ মরে পানিতে ভেসে ওঠার খবর আজ (সোমবার) সকাল থেকেই স্থানীয় লোকজনের কাছ থেকে পাচ্ছি। মানুষজন এখন বড় অসহায় হয়ে পড়ছে। এখানকার অধিকাংশ বাড়িতেই টিউবওয়েল নেই। ফলে যারা হাওরের পঁচা পানিতে গোসল করবে তারা পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে।’ তিনি আরও বলেন, ‘গতকাল (রোববার) বোয়ালা হাওর হয়ে নৌকায় করে আরিফপুর গ্রামে যাচ্ছিলাম। কিন্তু হাওরের পানিতে এতো পরিমাণ দুর্গন্ধ যে নৌকায় বসে থাকা যাচ্ছিলনা।’
ধর্মপাশা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম বলেন, ‘হাওরের পানিতে ফসলডুবির ঘটনায় কাঁচা ধান গাছ থেকে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয়ে অক্সিজেন কমে গিয়ে মাছের মৃত্যু হচ্ছে। উপজেলার ধারাম, ধানকুনিয়া, টগাসহ বিভিন্ন হাওরের মাছ মরে পানিতে ভেসে উঠছে। যেসকল মাছের মৃত্যু হচ্ছে তাদের বেশির ভাগই ডিমওয়ালা মাছ। ডিমওয়ালা মাছ অন্য মাছের তুলনায় দুর্বল থাকে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সবচেয়ে বেশি সমস্যাজনিত হাওর এলাকায় চুন ছিটিয়ে পানির স্বাভাবিক পরিবেশ রক্ষার ব্যবস্থা করা হচ্ছে।’
সুনামগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা শঙ্কর রঞ্জন দাশ বলেন, ‘হাওরের জমিতে ব্যবহৃত কীটনাশকের ক্ষতিকর প্রভাবে পানিতে বিষক্রিয়া হয়ে অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি হয়ে মাছ মরে যাচ্ছে। জেলার দক্ষিণ সুনামগঞ্জ, ধর্মপাশা ও জগন্নাথপুর উপজেলার বিভিন্ন হাওরে এর প্রভাব খুব বেশি। তাই এসব মাছ না ধরা ও খাওয়া থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট উপজেলায় মাইকিং এর ব্যবস্থা করা হচ্ছে।’ তিনি আরও বলেন,  ‘এ সকল উপজেলার আক্রান্ত হাওরে চুন ছিটানোর জন্য ৫০ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। তবে এর থেকে পরিত্রাণ পেতে প্রকৃতির উপর নির্ভর করা ছাড়া অন্য কোনো উপায় নেই। পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি হয়ে হাওরের পানি প্রবাহিত হওয়ার সুযোগ পেলে এ অবস্থা থেকে রেহাই পাওয়া যেতে পারে।’
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এর মৎস্য ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শহিদুল হক বলেন, ‘হাওর এলাকা আয়তনে অনেক বড়। পানির বর্তমান অবস্থা কি সেটা না দেখে বলতে পারছি না। পানি আসাতে ধান গাছ রয়ে গেছে। কৃষি কাজে ব্যবহৃত কিটনাশক ও সার পানিতে মিশে বিষক্রিয়া সৃষ্টি হয়ে অক্সিজেনের পরিমাণ কমে গিয়ে মাছ মরে যাচ্ছে এবং পানিতে দুর্গন্ধের সৃষ্টি হচ্ছে। বিশাল হাওরে এ থেকে প্রতিকারের কোনো উপায় নেই।’