পুষ্টিহীনতা দূর করতে সচেতনতার কোন বিকল্প নেই -বিনা মহাপরিচালক

স্টাফ রিপোর্টার
বিনা উদ্ভাদিত ডাল, তেলবীজ, দানাজাতীয় ফসলের সম্প্রসারণযোগ্য জাতসমূহের পরিচিতি, চাষাবাদ পদ্ধতি, বীজ প্রক্রিয়াজাতকরণ এবং নতুন শস্য বিন্যাস অন্তর্ভুক্তিকরণ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
পুষ্টি নিরাপত্তার জন্য কৃষি তাত্ত্বিক ব্যবস্থাপনার মাধ্যমে ডাল, তেলবীজ এবং দানা জাতীয় ফসলের উচ্চ ফলনশীল এবং প্রতিকূলতা সহনশীল জাত উদ্ভাবন কর্মসূচির অর্থায়নে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)’র উদ্যোগে বুধবার দুপুরে বিনা সুনামগঞ্জ উপকেন্দ্রে অনুষ্ঠিত কর্মশালায় সিলেট বিভাগের চার জেলা ও বিভিন্ন উপজেলার কৃষি কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
বিনা ময়মনসিংহের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও কর্মসূচি পরিচালক ড. মো. আব্দুল মালেকের সভাপতিত্বে ও বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সৈকত হোসেন ভূইয়ার পরিচালনায় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিনা ময়মনসিংহের মহাপরিচালক ড. মো. আমজাদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে বিনা মহাপরিচালক বলেন,‘বাংলাদেশের মানুষ পুষ্টি বিষয়ে সচেতন নয়। অধিকাংশ মানুষ শুধু পেট ভরে খায় এবং ওই খাদ্যে পুষ্টির পরিমান খুব কম থাকে। পুষ্টি কি, কিসে পাওয়া যায় তা অনেকেই জানেন না। যার কারণে আমাদের দেশে প্রতি বছর ৩০ থেকে ৪০ হাজার শিশু ভিটামিন এ-র অভাবে অন্ধ হয়ে যায়। অথচ আমাদের সবার বাসা-বাড়ির আশপাশের সবুজ শাক সবজিতেই প্রচুর পুষ্টি ও ভিটামিন রয়েছে। শুধু জানার অভাবে আমরা তা গ্রহণ করতে পারি না। যা গ্রহণ করলে আমাদের ভিটামিনের অভাব দূর করা সম্ভব। তাই সবাইকে পুষ্টির দিকে নজর দিতে হবে এবং পুষ্টিহীনতা দূর করতে সচেতনতা বিকল্প নেই। মানুষ সচেতন হলেই পুষ্টিহীনতা দূর হবে। ’
তিনি আরো বলেন, ‘বিনা কৃষকদের কম সময়ে বেশী ফসল দিতে নতুন-নতুন জাত উদ্ভাবনে কাজ করছে। নতুন উদ্ভাবিত জাত সম্পর্কে কৃষকদের বেশী করে সচেতন করতে হবে এবং বিনার সকল প্রযুক্তি সম্পর্কে কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে হবে।’  
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভাগীয় অতিরিক্ত পরিচালক মো. আলতাবুর রহমান, সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. জাহেদুল হক, সিলেট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল হাসেম, মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহজাহান, কৃষি কর্মকর্তা ড. মামুনুর রশিদ, স্বাগত বক্তব্য রাখেন বিনা সুনামগঞ্জ উপ কেন্দ্রের ভারপ্রাপ্ত বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম প্রমুখ।