হাওর দুর্নীতির সাথে জড়িত কাউকে পিআইসিতে অর্ন্তভুক্ত না করার দাবি

আকবর হোসেন, জামালগঞ্জ
হাওর দুর্নীতির সাথে জড়িত কাউকে পিআইসির সভাপতি ও সদস্য না করার জন্য দাবী জানিয়েছেন হাওর পাড়ের কৃষকরা। গেল বছর যাদের কারণে হাওরের সোনালী ফসল ঘরে তোলা যায়নী, যারা হাওররক্ষা বাঁধের নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করার কারণে ফসলহানী হয়েছে, তাদের বিচারের ও দাবি জানান তারা। কৃষকরা বলেন, হাওরের পিআইসিতে হাওর পাড়ের কৃষকদের, যাদের বাড়ি বাঁধের নিকটবর্তী তাদের অর্ন্তভুক্ত ও তদারকির দায়িত্ব প্রদান করতে হবে। এলাকার চিহ্নিত টাউট ও দালাল প্রকৃতির কেউ যেন হাওররক্ষা বাঁধের সাথে পিআইসির সদস্য না হয় তা নিশ্চিত করতে হবে। ফেব্রুয়ারির শেষ সপ্তাহ বা মার্চের প্রথম দিকের মধ্যে অবশ্যই বাঁধের কাজ শেষ করতে হবে।
জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ,      
গণমাধ্যম কর্মী, হাওর উন্নয়নকর্মী ও উপকারভোগী কৃষকদের নিয়ে মতবিনিময় সভায় উপরোক্ত দাবিগুলো জানানো হয়।
শনিবার দুপুরে ফেনারবাঁক ইউনিয়নের গজারিয়া বাজারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার। ইউপি সচিব অজিত কুমার রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান।
সভায় বক্তব্য রাখেন, সাচনা বাজারের চেয়ারম্যান রেজাউল করিম শামীম, উপজেলা আ. লীগ সভাপতি মোহাম্মদ আলী, যুগ্ম সম্পাদক কাজী আশরাফুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান রশীদ আহমদ, উপজেলা কৃষি কর্মকর্তা ড. সাফায়েত আহমদ সিদ্দিকী, থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান সিদ্দিকী, হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের সদস্য সচিব বিন্দু তালুকদার, হাওর বাঁচাও জামালগঞ্জ বাঁচাও আন্দোলনের আহবায়ক গুল আহমেদ, হাওর ও পরিবেশ উন্নয়ন সংস্থার সভাপতি কাস্মীর রেজা, সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটু, ফেনারবাঁক ইউপির সাবেক চেয়ারম্যান মতিউর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রাজ্জাক মাস্টার, জহিরুল হক তালুকদার, কৃষক নেতা শাহাব উদ্দিন, হাওর উন্নয়ন ও গণমাধ্যম কর্মী অঞ্জন পুরকায়স্থ, ওয়ালী উল্লাহ সরকার, আব্দুল আহাদ, তৌহিদ চৌধুরী প্রদীপ, মো. আখতারুজ্জামান তালুকদার, কৃষক আবুল কালাম, রিয়াজ উদ্দিন, জুলফিকার চৌধুরী রানা, আলী আহমদ, ফাইজুল কবির, শ্রীকান্ত তালুকদার, মহব্বত আলী, আমির উদ্দিন, মকবুল হোসেন, শিপন মিয়া, রঞ্জন সরকার, সাইদুর রহমান, সানোয়ার হোসেন, এমদাদ মিয়া।
উল্লেখ্য, চলতি বছরে জামালগঞ্জ উপজেলার পাগনার হাওরে হাওর রক্ষা বাঁধ নির্মাণে ১ কোটি ১৭ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।