মো. আশিক পীর
দেশকে গড়া এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আওয়ামী লীগের সঙ্গে আছেন বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেছেন, ‘খুব অল্প সময়ে দেশ অনেক এগিয়েছে। অনেক ক্ষেত্রে আমরা ভারতের চেয়ে এগিয়ে আছি। প্রধানমন্ত্রী দেশকে বদলাতে চান, পরিবর্তন চান। আমরা সবাই মিলে তাঁর নেতৃত্বে কাজ করে যাচ্ছি।’
সুনামগঞ্জে হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর এলাকায় অধিপ্তরের নবনির্মিত নিজস্ব ভবন প্রাঙ্গণে রোববার দুপুরে এই অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ আরও বলেন,‘শেখ হাসিনা যখন ডিজিটাল বাংলাদেশের কথা বলেছিলেন তখন এ নিয়ে অনেকেই হাসিঠাট্টা করেছিলেন। কিন্তু আজ দেশের মানুষ ডিজিটাল বাংলাদেশে সুফল পাচ্ছে। জনগণকে বুঝতে হবে উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। বোমা মারা, বাসে আগুন দেওয়ার নাম রাজনীতি হতে পারে না।’
দেশের অগ্রগতি প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, দেশে রিজার্ভ ও মানুষের অনেক আয় বেড়েছে। খাদ্যে দেশ আজ স্বয়ংসম্পূর্ণ। এটা সাধারণ মানুষ করেছেন। কিন্তু পত্রিকার পাতা খুললে মনে হয় দেশ শেষ হয়ে যাচ্ছে। সুশীল সমাজের লোকজনও ভালোটা বলতে চান না। সরকারের সব কিছুই ভালো হবে সেটা বলছি না। কিন্তু যা ভালো সেটি তো বলা উচিত।’
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম বীরপ্রতীক, হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আফরোজা মোয়াজ্জেম, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক আবদুল হাই, জেলা শ্রমিক লীগের সভাপতি সিরাজুর রহমান সিরাজ, জাপা নেতা আব্দুর রশিদ, ইউপি সদস্য মাহফুজ আক্তার রীনা, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম প্রমুখ। সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এমএ মান্নান বলেন,‘আমরা সুনামগঞ্জের মানুষ শিশুকাল থেকেই আমাদের মাথায় এসেছে বৈশাখী ধান অকাল বন্যায় নিয়ে যেতে পারে, শিলা বৃষ্টিতে ক্ষতি হতে পারে, এমন দুর্যোগ হলে রক্ষা নেই, পরের বছরের জন্য অপেক্ষা করতে হবে’। তিনি বলেন,‘বর্তমান সরকারের প্রধানমন্ত্রী হাওরবাসীর দুঃখ বুঝেছেন, এজন্যই হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর করেছেন তিনি, হাওরের কোন প্রকল্প দেখলে আমাদের প্রধানমন্ত্রী যেভাবে গুরুত্ব দেন, পানি সম্পদ মন্ত্রীও একইভাবে গুরুত্ব দেন’।
অতিথিরা এই অনুষ্ঠানের আগে পৌর শহরের পুরাতন লঞ্চঘাট এলাকায় নদী ভাঙন পরিদর্শন করেন।


