ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় বছরের শুরুতেই কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই প্রায় ৯ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। বুধবার সকাল আটটা থেকে বিকেল চারটা ৪০মিনিট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। এতে নেত্রকোনা পল্লীবিদ্যুৎ সমিতির অধীনে এ উপজেলার ২৬ হাজারেরও বেশি গ্রাহককে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।
জানা যায়, এ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে বৈদ্যুতিক লাইনের উন্নয়ন কাজের জন্য গেল বছরের নভেম্বর ও ডিসেম্বর পুরো দুই মাস একদিন পরপর বিদ্যুৎ বন্ধ রাখা হয়। ডিসেম্বর মাসের শেষ দুইদিন এ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ছিল। কিন্তু নতুন বছর শুরুর প্রথম দিনেই কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। নেত্রকোনার বাংলা এলাকায় ৩৩কেভি বৈদ্যুতিক লাইনের উন্নয়ন কাজের জন্য সাময়িক ভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে বলে জানান মোহনগঞ্জ জোনাল অফিসের ডিজিএম বিপ্লব কুমার পাল।
ধর্মপাশা গ্রামের গৃহিনী পারুল আক্তার বলেন, আমাদের মটর দিয়ে পানি তুলতে হয়। বিদ্যুৎ বন্ধ থাকলে পানি তুলতে পারি না। পানি না থাকলে গোসলসহ গৃহস্থালীর কাজকর্ম করতে অনেক দুর্ভোগ সহ্য করতে হয়। যদি মাইকিং করে আগে জানিয়ে দেয় তবে আমাদের আর দুর্ভোগ করতে হয় না
নেত্রকোনা পল্লীবিদ্যুৎ সমিতির ধর্মপাশা অভিযোগ কেন্দ্রের ইনচার্জ জইন উদ্দিন বলেন, উন্নয়ন কাজের জন্য এ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে আরো কয়েক দিন সময় লাগবে। আজ (বুধবার) মাইকিং করে আবার জানিয়ে দেওয়া হবে।
- নুরপুর গ্রামীণ বাজার নদীগর্ভে বিলীনের পথে
- আ.লীগ সরকারের আমলেই শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছে -ড. জয়া সেন


