‘মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করেছেন স্যার ফজলে হাসান আবেদ’

স্টাফ রিপোর্টার
ব্রাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ স্মরণে বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জে স্মরণসভা হয়েছে। ব্র্যাকের কর্মীরা পৌর শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে এই স্মরণসভার আয়োজন করেন।
‘ধন্যবাদ আবেদ ভাই’ শিরোনামে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য দেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার মো, আবু তারেক, বেসরকারি সংস্থা ইরার নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আবদুল হান্নান ও মিতালী ধর, জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্র্যাকের জ্যেষ্ঠ কর্মকর্তা আহমেদ উল্লাহ ও আশিকুজ্জামান চৌধুরী। অনুষ্ঠানের শুরুতেই স্যার ফজলে হাসান আবেদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।
স্মরণসভায় বক্তারা বলেন, স্যার ফজলে হাসান আবেদ ছিলেন একজন জ্ঞানী, ধৈর্যশীল, বিনয়ী ও প্রচারবিমুখ মানুষ। তিনি শুধু বাংলাদেশে নয়, মানুষের কল্যাণে পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করেছেন্। ব্র্যাকের যাত্রা শুরু হয়েছিল সুনামগঞ্জের হাওরের দুর্গম শাল্লা থেকে। স্যার ফজলে হাসান আবেদের প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান আজ বিশ্বের সেরা বেসরকারি উন্নয়ন সংস্থা। তিনি ছিলেন দরিদ্র মানুষজনের আপনজন। তিনি ধনী-গরিবের বৈষম্য দূর করতে কাজ করেছেন। প্রান্তিক জনগোষ্ঠীর লোকজন যাতে শিক্ষাসেবা, স্বাস্থ্যসেবা পায় এ জন্য তিনি নিবেদিত প্রাণ ছিলেন। তাঁর সব কাজ ছিল দেশ ও মানুষের কল্যাণে। তিনি মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।