ছাতকে ২ পঞ্চায়েতের সংঘর্ষ-১০ রাউন্ড ফাঁকা গুলি পুলিশসহ আহত ৫০

ছাতক প্রতিনিধি
ছাতক পৌর শহরের মোগলপাড়া মহলায় দু’পঞ্চায়েতের মধ্যে সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে।
শুক্রবার বিকেলে পঞ্চায়েতি কবরস্থান নিয়ে পূর্ব মোগলপাড়া ও পশ্চিম মোগলপাড়া মহল্লাবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পশ্চিম মোগলপাড়ার বাসিন্দা, সাবেক পৌর কমিশনার আফতাব মিয়া ও পূর্ব মোগলপাড়ার বাসিন্দা সফিক মিয়ার মধ্যে পঞ্চায়েতি কবরস্থান পরিষ্কার-পরিছন্নতা নিয়ে কথা কাটা-কাটির জের ধরে দু’মহল্লাবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়। গুরুতর আহত আব্দুল গফুর (৩২)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১০ রাউন্ড ফাঁকা গুলি ও ৩ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সংঘর্ষ চলাকালে দু’ পক্ষের ছুঁড়া ইট-পাটকেলে ছাতক থানার এসআই চম্পক দাম, কনস্টেবল অজয় দেবনাথ(২২), ইফতেখার আহমদ(২৩), সঞ্জিত দেব(২২), আনোয়ার আহমদ(২৩) আহত হয়েছেন।  সংঘর্ষে দু’পক্ষের আহত আফতাব মিয়া(৫০), খুর্শেদ মিয়(৫৫), সুরুজ মিয়া(৪৫), শামিম(৩৫), টিপু(২২), নাজিম(২০), শওকত(৩৫), জাকির(৩০), সুমন(২০), সাহিদ আলী(৩৫), আরমান(২৮), জুনুর মিয়া(২২), সোহাগ(১৯), বছল মিয়া(৩০), আজাদ মিয়া(১৮), সেলিম মিয়া(২৮), রাসেল(২১), নয়ন মিয়া(১৯), কামাল(৩০), ছালেক(১৮), হিরা মিয়া(১৮), সফিক(২০) ইসলাম উদ্দিন(২৪), আলম(২২), আরশাদ(২৮)সহ আহতরা ছাতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা নিয়েছেন। ছাতক থানার ওসি আশেক সুজা মামুন সংঘর্ষে পুলিশের ১০রাউন্ড ফাঁকা গুলি ও ৩ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপের কথা স্বীকার করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।