রোকেস লেইস
সুনামগঞ্জ নামের সাথে ‘সুনাম’ শব্দটি। যা, বাংলা ভাষায় বহু বহু শব্দের মাঝে অনন্য, অন্যতম শ্রুতিমধুর প্রধান শব্দ। সুনাম শব্দটি থাকলেই সুশীল, শালীন এ জাতীয় শব্দগুলোর প্রাধান্য অবশ্য অবশ্যই চলে আসে। আর, আমরা সুনামগঞ্জের মানুষ এই সু-সম্বন্ধীয় অর্থাৎ সুচিন্তা, সুসম্পর্ক, সততা, সম্মান ধারণ করে আসছি স্মরণাতীত কাল থেকে। হোক সে’টা পারিবারিক, সামাজিক, ধর্মীয় এবং অবশ্যই রাজনৈতিক। সুনামগঞ্জ এর হিন্দু, মুসলমান, ধনী, গরীব জাত অজাত সকলে মিলে এক পরিবার, এ বন্ধন স্মরণাতীত কালের। আমাদের নেতৃত্বে যাঁরা ছিলেন, তাঁদের দেখেছি সিদ্ধান্ত গ্রহণে ছিলেন কতো গভীর চিন্তাশীল, দায়িত্বশীল পারস্পরিক মতের প্রতি প্রগাঢ় শ্রদ্ধাশীল। উঁনারা যখনই সিদ্ধান্তে উপনীত হয়েছেন, সে সিদ্ধান্ত হতো সার্বজনীন, জনকল্যাণকর। কখনোই ব্যক্তি বা গোষ্ঠী স্বার্থে কলুষিত ছিলো না। তাঁরাও তো, ব্যক্তি’ই ছিলেন এবং অবশ্যই কোনো না কোনো দল বা গোষ্ঠীবদ্ধও ছিলেন। তাঁরা পেরেছেন, আমরা কী পারছি ??? ষাটের দশকের মাঝামাঝিতে শোনা গেলো দাঙ্গা হবে, বাইরে থেকে এসেছে দাঙ্গাকারী। হিন্দু, মুসলিম নির্বিশেষে সকল নেতৃত্ব এক হয়ে রুখে দিলেন অকল্যাণ, প্রতিষ্ঠা করলেন সম্প্রীতি, সৌহার্দ্য’র নজির, চির-ভাস্বর । ষাটের দশকেই, স্থানীয় অস্থানীয় ইস্যু তৈরী করে শান্ত সুনামগঞ্জকে অশান্ত করতে কুচক্রীরা তৎপর হলে, সেই একই দৃঢ়তায় ঐকান্তিকতায়, নেতৃত্বে থাকা প্রাজ্ঞ জনেরা দিলেন সহজ সমাধান। নেতৃত্ব ফলাতে, বিরোধিতা নয় মিলেমিশে জনকল্যাণ। যাঁরা রাজনীতি সম্পৃক্ত ছিলেন উঁনারা রাজনীতি’র পবিত্রতা হৃদয়ে ধারণ করতেন; আচারে ঘটাতেন এর উৎকৃষ্ট প্রতিফলন। বর্তমানে, আমরা যারা রাজনীতি সম্পৃক্ত, আমরা কী রাজনীতি বুঝি? হয়তো বলবেন এ ক্যামন ধৃষ্টতা? তবু, আবারো বলছি, ক’জন বোঝেন? রাজনীতি কী, দলে সংশ্লিষ্ট হয়ে তরতর করে জিন্দাবাদের বহর নিয়ে সামনে থেকে আরো সামনের কাতারে পৌঁছে যাওয়া? রাজনীতি কী, ফুলে ফেফে আকার সর্ স্ব হয়ে উঠা? রাজনীতি কী, রাজা রাজা ভাব নিয়ে; রাজকীয় আচার আচরণে সব থেকে উঁচু আসনে উঠে বসা? রাজনীতি কী রাজার নীতি ??? এই যে রাজা হওয়া, নেতা হওয়া, ছোট, বড়, মাঝারী স্তর থেকে অন্য স্তরে? বাহুল্য নয় কী ? বাহুল্য এ জন্য যে, আমাদের আচরণ নেতা সুলভ নয়! বাহুল্য এ জন্য যে আমাদের নৈতিকতা প্রশ্নাতীত নয়! বাহুল্য এ জন্য যে আমরা ত্যাগী নই! রাজনীতি ছিলো আমাদের পূর্বসূরিদের, তাঁরা নীতি-নৈতিকতা পালন করতেন ; মন, মজ্জা, মগজে সার্বক্ষণিক লালন করতেন। তাঁরা অল্পে তুষ্ট ছিলেন, তাঁরা ভোগী ছিলেন না বরং সর্বস্ব ত্যাগ করতেন জনকল্যাণে। তাঁরা নীতি’র চর্চা করতেন, হৃদয়ে ধারণ করতেন, বিশ্বাসে অটুট থাকতেন। নীতি’র প্রশ্নে ছিলেন আপোষহীন। যতো প্রবল ঝড়ঝঞ্ঝা বিরোধিতা আসুক, নীতি বিবর্জিত হতেন না। উঁনারা নীতি ধারণ করতেন সর্বোচ্চ নীতি, সর্বোৎকৃষ্ট নীতি। উঁনারা নীতি’র রাজার চর্চা করতেন। উঁনাদের রাজ-নীতি ছিলো, সে’টা হলো নীতির রাজা। ‘নীতির রাজা’ সর্বাপেক্ষা উৎকৃষ্ট যে নীতি, সেটাই তো হবে। নীতিরও রাজা থাকতে হয়, মানুষের উৎকর্ষ সাধনে, জন কল্যাণে। তবেইতো মানুষেরা পৌঁছে যেতে পারে সর্বোত্তম মহিমায়। পরমতসহিষ্ণু হতেই হয় একজন নেতৃত্ব দানকারীকে। এ’টিইতো নেতার গরিমা, ভূষণ। গোষ্ঠী, দল, সমাজের অগ্রে থাকেন নেতা। জনতা বিবর্জিত হয়ে নয়, জনতার কাতারে মিশে থেকেই। চিন্তা, চেতনা, বিবেচনার দায় দায়িত্ব বহন করতে হয় নেতাকে। যিনি যতো জনসম্পৃক্ত তিনিই ততো জননন্দিত। নেতা, সদা জাগ্রত বিবেকবান দূরদ্রষ্টা স্বপ্নচাষী।
নেতা সমাচার
একজন নেতাকে জানি সমাজতন্ত্র যার মন্ত্র
বুলি ঝাড়েন যখন তখন মার্কস লেনিনবাদের
ঝাঁকরা চুল উসকো চেহারায় গাম্ভীর্য প্রস্ফুট
মুখে ফিলটার টিপ ধোঁয়া ছাড়েন সুগন্ধি
শ্রেণীর প্রভেদ, আপাদমস্তক করেন ধারণ।
একজন নেতাকে জানি গণতন্ত্র সমাজতন্ত্রে
মধ্যমপন্থী, সমাজের সকল সুখ যেন হাতের মুঠোয়
সর্বদা সচেষ্ট মানুষের ভালো আরো ভালো-সাধনায়
একের সুখে অন্যের দুঃখ বাড়ান, তথাপি
দরদী সংগ্রামী চরিত্র নমস্য সাধারণ জনতার।
একজন নেতাকে জানি উদার চিন্তা চেতনায়
পূঁজিবাদ যার ব্রত হাত পেতে নেন
দুহাতে উড়ান, যার আছে তাকে আরো দেন
যার নাই তার বাকিটুকু কাড়েন সহাস্যে
শক্তকে সমীহ করেন নরমকে দেখান চোটপাট
‘ঝোপ বুঝে কোপ’ তার নিজস্ব বিশ্বাস।
একজন নেতাকে জানি ধর্মের ধ্রুমজালে
অকপটে ধোঁকা দেন অশ্রুর বন্যায়
জান্নাতের সুখ বুঝান দেখান কিয়ামত নজদিক
সহজে হাসেন সহজে কাঁদেন অকারণ
ইহকালের তুষ্টিতে ব্যস্ত সারাখন।
২৮০৯৮৬
ত্রিশ বছর আগে কল্পচিত্রে ফোটে উঠা ‘নেতা সমাচার’ এ বিবৃত কপট, ধূর্ত, বক-তপস্বী, লেবাসধারী নেতা নয়। ঐ সময়ের পত্রিকা কবিতাটি না ছেপে ফিরিয়ে দিয়েছিলো। বাহারী, পোষাকী নয়. আদর্শ নেতৃত্ব সুনামগঞ্জের সুনাম’ এর ধারা সমুন্নত রাখুক। সুনাম’ এর এই তীর্থ ভূমি স্বনামধন্য সুনামধন্য নেতৃত্বে সমৃদ্ধ হয়ে উঠুক। ১২০৮১৬


