স্টাফ রিপোর্টার
বিশ্ব পরিবেশ দিবসে গাছ রোপন করেছে বহুল প্রচারিত দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার পাঠক ফোরাম অদম্য বাংলাদেশ সুনামগঞ্জ ইউনিট। সোমবার বিকালে সুনামগঞ্জ সরকারি কলেজে গাছ রোপন কর্মসূচির উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর রজত কান্তি সোম। এসময় জাম, পেয়ারা, আমলকি, জলপাই সহ ১৫ টি ফলজ গাছ রোপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অদম্য বাংলাদেশ সুনামগঞ্জ ইউনিটের আহ্বায়ক জহির উদ্দিন, যুগ্ম আহ্বায়ক সায়মানুল ইসলাম সজিব, সদস্য মো. আলী আহনাফ অনি, আহমেদ সোহান, মাসুম বিল্লাহ, পূর্বা চৌধুরী।
আহ্বায়ক জহির উদ্দিন বলেন, প্রকৃতি বাঁচলে আমরা বাঁচবো। পরিবেশের ক্ষতি করে উন্নয়ন করলে সেটি টেকসই হবে না। বিভিন্ন কাজে যেভাবে গাছ কাটা হয় সেভাবে গাছ রোপন করা হয় না। আজ বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে আমাদের সামান্য এই উদ্যোগ। আমরা কলেজ ক্যাম্পাসে ১৫ টি ফলজ গাছ রোপন করেছি। এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।
কলেজের অধ্যক্ষ প্রফেসর রজত কান্তি সোম বলেন, পরিবেশ সচেতনতার লক্ষ্যে প্রতিবছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। দিনটি প্রথম পালিত হয়েছিলো ১৯৭৪ সালে। তবুও চারদিকে দখল, দূষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অপরিকল্পিত উন্নয়নে প্রকৃতি আজ মুমূর্ষু অবস্থায় রয়েছে। প্রকৃতির উপর শোষণ নির্যাতনের ফলে প্রকৃতি আজ আমাদের সঙ্গে বিমাতা সূলভ আচরণ করছে। এতে সংকট ও ক্ষতির মুখে রয়েছি আমরা। এই জায়গা থেকে পাঠক ফোরাম অদম্য বাংলাদেশ একটি চমৎকার উদ্যোগ নিয়েছে। তাদের কার্যক্রমে যুক্ত হয়ে ভালো লাগছে।
এসময় আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সরকারি কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক ব্রজেন্দ্র কুমার সিংহ, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক আবু সাঈদ, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সুনামগঞ্জ প্রতিবেদক ও জেলা পাঠক ফোরামের সমন্বয়ক সাইদুর রহমান আসাদ প্রমুখ।


