আদালতে এমসি কলেজের অধ্যক্ষসহ প্রত্যক্ষদর্শী ১৭ জনের সাক্ষ্য গ্রহণ খুনের নেশায়-উন্মত্ত ছিলেন বদরুল

সিলেট অফিস
খাদিজাকে হত্যা করতেই চাপাতি দিয়ে উপুর্যপুরি কোপাতে থাকেন বদরুল আলম। এ সময় বদরুলকে নিবৃত্ত করার চেষ্টা করা হয়। কিন্তু বদরুল চাপাতি উঁচিয়ে হুমকি-ধামকি দেন। মুহূর্তের মধ্যে ঘটে পুরো ঘটনা। তাই তাৎক্ষণিকভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করেও খাদিজাকে রক্ষা করা যায় নি। সিলেট মহানগর মুখ্য বিচারিক হাকিম আদালতে কলেজ ছাত্রী খাদিজা হত্যাচেষ্টা মামলার সাক্ষীরা সোমবার এভাবেই ঘটনা প্রত্যক্ষ করার সাক্ষ্য দেন। আদালতের বিচারক মো. সাইফুজ্জামান হিরো সাক্ষ্য গ্রহণ করেন। এ সময় কাঠগড়ায় আসামি বদরুল উপস্থিত ছিলেন।
আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মাহফুজুর রহমান জানান, মামলার ৩৭ জন সাক্ষীর মধ্যে সোমবার ১৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এরমধ্যে এমসি কলেজের শিক্ষক, প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী, খাদিজার সহপাঠী ও উদ্ধারকারী তরুণসহ পুলিশও রয়েছেন। ১৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত বাকি সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের জন্য ১১ ডিসেম্বর তারিখ ধার্য্য করেন।
আদালত সূত্র জানায়, প্রথম দিন সিলেটের এমসি কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ, উপাধ্যক্ষ হায়াতুল ইসলাম আখঞ্জি, খাদিজার চাচা আবদুল কুদ্দুস, শিক্ষার্থীসহ ১৭ জন সাক্ষী দিয়েছেন। এ সময় আদালতে আসামির কাঠগড়ায় আসামি বদরুল উপস্থিত ছিলেন।
এমসি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ ঘটনাটি কলেজ ক্যাম্পাসে সংঘটিত হওয়ার বিষয়টি আদালতকে জানান। পুলিশসহ অন্য সাক্ষীরা খাদিজাকে উদ্ধার করার বিষয়ে অবহিত করেন।   প্রত্যক্ষদর্শী নয়জন শিক্ষার্থী কোপানো প্রত্যক্ষ করার সাক্ষ্য দেন। এরমধ্যে খাদিজার এক সহপাঠী আদালতকে বলেন, বদরুল চাপাতি উঁচিয়ে খাদিজাকে জিম্মি করে। এ সময় চিৎকার করে তাঁরা কয়েকজন এগুতে চাইলে বদরুল খাদিজাকে কোপানোর পাশাপশি রক্ত মাখা চাপাতি উঁচিয়ে এগিয়ে যাওয়াদের হুমকি দেয়। মিনিট কয়েকের এ ভয়ার্ত মুহূর্তে উপস্থিত সবাই বিমূঢ় ছিল। পরক্ষণে অবশ্য খাদিজাকে উদ্ধার করে বদরুলকে ধরা হয়।
খাদিজাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার বিষয়ে সাক্ষ্য দেন শিক্ষার্থী ইমরান কবির। তিনি খাদিজাকে হাসপাতালে ভর্তি করে প্রথম রক্ত দেন। আদালতকে ইমরান জানান, খাদিজা অবচেতন হয়ে পড়েছিলেন। সবাই বদরুলকে ধরায় ব্যস্ত। এ সময় খাদিজাকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে হাসপাতালে ভর্তি করতে উদ্যোগী হই। সাক্ষ্য দেওয়ার সময় ইমরানসহ ঘটনার প্রত্যক্ষদর্শী সাতজন শিক্ষার্থী ও খাদিজার সহপাঠী সরকারি মহিলা কলেজের এক ছাত্রী আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়ানো বদরুলকে দেখে শনাক্ত করেন।
সাক্ষ্য গ্রহণ শেষে বদরুলের পক্ষের আইনজীবীরা আদালতকে বলেন, বদরুল তখন ঘুমের ওষুধ সেবন করেছিলেন। অনেকটা বেসামাল হয়ে এ ঘটনা ঘটান। আসামি পক্ষের আইনজীবীদের এ যুক্ত তাৎক্ষনিক প্রত্যাখান করে সরকার পক্ষের আইনজীবীরা আদালতকে জানান, অপরাধীর অপরাধ সবই পরিস্কার। কোপানোর ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে। তাই এ অপরাধকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই।
সরকার পক্ষের আইনজীবী দলের প্রধান সিলেটের সকরারি কৌঁসুলি মিসবাহউদ্দিন সিরাজ বলেন, আদালত কাঠগড়ায় এখন শান্ত হয়ে বসে থাকলেও সাক্ষ্যদের সাক্ষীতে এ বিষয়টি প্রমাণ হয় যে, সেদিন খাদিজাকে হত্যার চেষ্টায় উন্মুক্ত ছিলেন বদরুল। যথাসময়ে চিকিৎসা আর মানুষের দোয়ায় খাদিজা বেঁচে গেছেন। প্রথম দিন ১৭ জনের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে বদরুলের অপরাধ পুরোটাই প্রমাণ হয়েছে। আদালতকে আমরা এ ধরণের বর্বর ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সর্বোচ্চ শাস্তি চেয়েছি।
সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজাকে গত ৩ অক্টোবর বিকেলে এমসি কলেজ পরীক্ষা কেন্দ্রে বিএ (পাস) পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন বদরুল। ঘটনার পরপরই জনতা ধাওয়া করে বদরুলকে ধরে পুলিশে দেন। খাদিজাকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে প্রথমে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।  
৪ অক্টোবর এ ঘটনায় খাদিজার চাচা আবদুল কুদ্দুস বাদী হয়ে মহানগর পুলিশের শাহপরান থানায় হত্যাচেষ্টার অভিযোগে একমাত্র বদরুলকে আসামি করে মামলা করেন। এ মামলায় বদরুলকে গ্রেপ্তার দেখানো হলে পরদিন আদালতে বদরুল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। হামলার পর মামলা হওয়ার এক মাস পাঁচ দিনের মাথায় মহানগর পুলিশের শাহপরান থানার এসআই হারুনুর রশিদ গত ৮ নভেম্বর অভিযোগপত্র আদালতে দাখিল করেন। ১৫ নভেম্বর আদালতে অভিযোপত্রের শুনানি শেষে তা গৃহীত হলে ২৯ নভেম্বর অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য হয়।
সিলেট সদর উপজেলার হাউসা গ্রামে খাদিজার বাড়ি। তাঁর বাবা মাসুক মিয়া সৌদিপ্রবাসী। খাদিজাকে বদরুলের কোপানোর ভিডিওচিত্র মুঠোফোনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে দেশজুড়ে চাঞ্চল্য দেখা দেয়। বদরুলের দ্রুত বিচারের দাবিতে গত প্রায় এক মাস সিলেটসহ সারা দেশে প্রতিবাদী নানা কর্মসূচি পালিত হয়। অভিযুক্ত বদরুলের বাড়ি ছাতক উপজেলার মনিরজ্ঞাতি গ্রামে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি শেষ বর্ষের শিক্ষার্থী (অনিয়মিত) ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসম্পাদক ছিলেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় থেকে বদরুলকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে।