জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরের আশারকান্দি ইউপি চেয়ারম্যান শাহ আবু ঈমানীর বিরুদ্ধে আনা নারী ইউপি সদস্যের অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এবিষয়ে অনুষ্ঠিত সভায় এর সত্যতা মিলেনি। উপজেলা নির্বাহী অফিসার মাসুম বিল্লাহ জানান, আশারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান ও নারী সদস্যর মধ্যে পরিষদের কার্যক্রম নিয়ে তৃতীয়পক্ষের উসকানিতে কিছুটা ভুল বুঝাবুঝির সৃষ্টি হলে তা নিরসন হয়। তবে চেয়ারম্যান ও নারী সদস্যদের মধ্যে একে অপরের বিরুদ্ধে দায়েরকৃত কোন অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী অফিসার মাসুম বিল্লাহের সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেবসহ আশারকান্দি ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আশারকান্দি ইউপি চেয়ারম্যান শাহ আবু ঈমানী বলেন,‘ পরিষদের কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি করতে একটি মহল মিথ্যা বানোয়াট নানা অপপ্রচার চালাচ্ছে। এসব অপপ্রচারের বিরুদ্ধে আমরা আইনানুগ পদক্ষেপ নিব।’
আশারকান্দি ইউপির ৭,৮,৯নং নারী ইউপি সদস্য সেলিনা বেগম বলেন,‘ আমাদের মধ্যে কোন ভুল বুঝাবুঝি নেই। অহেতুক একটি মহল চেয়ারম্যান ও আমাকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছে। তিনি অভিযোগ করে বলেন, কিছু গণমাধ্যম মিথ্যা বানোয়াট খবর ছাপিয়ে সামাজিকভাবে আমাদের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেয়া হবে।’


