এডিশনাল এসপি রিপন মোদককে প্রত্যাহার

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার মোদককে প্রত্যাহার করা হয়েছে। তাকে বরিশাল রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। পুলিশের আইজি চৌধুরী আব্দুল্লাহ্ আল-মামুন মঙ্গলবার এক আদেশে তাকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করেন।
পুলিশ সদর দপ্তর থেকে জারিকৃত আদেশে বলা হয়, অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার মোদদককে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হলো। উল্লেখিত কর্মকর্তা সংযুক্ত কর্মস্থলে যোগদানে নিমিত্ত ২ মে (মঙ্গলবার) বর্তমান কর্মস্থলের দয়িত্বভার অর্পন করবেন। অন্যথায় ৩ মে (বুধবার) থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন।
সম্প্রতি ভুয়া গোয়েন্দা কর্মকর্তা পরিচয়ে সুরমা ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধার বাড়ীতে অভিযান চালানোর ঘটনায় অভিযুক্তদের সঙ্গে তাঁর সখ্যতার অভিযোগ উঠেছিল। এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে তদন্ত কমিটিও গঠন করা হয়।
গত ২৯ এপ্রিল পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ্ আল-মামুন সিলেট সফরে আসলে রিপন কুমার মোদকের বিরুদ্ধে কি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে তা জানতে চান সাংবাদিকরা। এ সময় আইজিপি নিয়মানুযায়ী রিপন কুমার মোদকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সাংবাদিকদের আশ্বস্ত করেন। আইজিপির আশ্বস্তের ৩ দিনের মাথায় তাকে জনস্বার্থে প্রত্যাহার করা হয়।
রিপন কুমার মোদক জানান, তাকে বরিশাল রেঞ্জে সংযুক্ত করার চিঠি পেয়েছেন তিনি।