এমপি রতনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম রতনের বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থী ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের পক্ষে প্রচারণায় অংশ নেয়াসহ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন অপর চেয়ারম্যান প্রার্থী নুরুল হুদা মুকুট হুদা মুকুট। সোমবার সন্ধ্যায় নির্বাচন কমিশনারের কাছে তিনি লিখিত অভিযোগ করেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন নির্বাচনী এলাকায় উপস্থিত থেকে    চেয়ারম্যান প্রার্থী ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের পক্ষে প্রচারণায় অংশগ্রহণ করছেন। স্থানীয় ভোটারদের (চেয়ারম্যান-মেম্বার) চাপ প্রয়োগ করে নানা প্রকার প্রলোভন দেখিয়ে প্রভাবিত করার চেষ্টা করছেন। ধর্মপাশা উপজেলার পাইকুরাটির নিজ বাসভবনে সোমবার সন্ধ্যায় চেয়ারম্যান প্রার্থী ব্যারিস্টার ইমনের পক্ষে নির্বাচনী সভা ও নৈশভোজের আয়োজন করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগে আরও উল্লেখ করা হয় আগামী ২১ ডিসেম্বর তাহিরপুর উপজেলা ও ২২ ডিসেম্বর জামালগঞ্জ উপজেলায় নির্বাচনী জনসভার আয়োজন করেছেন এমপি রতন।
সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম রতন এমন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি এলাকার জনপ্রতিনিধি, ব্যক্তিগত প্রয়োজনে বাড়িতে এসেছি। খবর পেয়ে এলাকার জনপ্রতিনিধিরা আমার সাথে দেখা করতে এসেছেন। তারা উন্নয়নমূলক কর্মকান্ড নিয়ে কথা বলেছেন এবং চা-বিস্কুট খেয়েছেন। নির্বাচনী কোন সভা হয়নি। আমি কোন জনপ্রতিনিধিদের চাপ প্রয়োগ বা প্রভাবিত করিনি। জামালগঞ্জ ও তাহিরপুরে আমার নির্বাচনী জনসভা নেই। ওই তারিখে উপজেলা পরিষদের সমন্বয় সভায় আমি উপস্থিত থাকব।’