কমলগঞ্জে স’মিল শ্রমিক সংঘের কমিটি গঠন

স’মিল শ্রমিক সংঘের কমলগঞ্জ উপজেলা কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে শ্রমিক সভার মো. মাখন বক্তকে সভাপতি ও মো. মোস্তাক মিয়াকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট স’মিল শ্রমিক সংঘ কমলগঞ্জ উপজেলা কমিটি গঠন করা হয়।
স’মিল শ্রমিক সংঘ ভানুগাছ আঞ্চলিক কমিটির সভাপতি মো. আব্দুল মজিদের সভঅপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক   রজত বিশ্বাস, স’মিল শ্রমিক সংঘ সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক রুহুল আমিন ও মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মো. আরজান আলী।
সভায় বক্তব্য রাখেন, স’মিল শ্রমিক সংঘ শ্রীমঙ্গল উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মতিউর রহমান, কমলগঞ্জ উপজেলা কমিটির নেতা রমজান আলী, মজিদ বক্ত, শাহিন মিয়া, ফটিক মিয়া , ছালামত মিয়া, মো. মানিক মিয়া, মো. এমরান মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, স’মিল সেক্টরে শ্রমিকদের কাজের কোন নির্দিষ্ট কর্মঘন্টা নাই, অর্জিত ছুটি, চিকিৎসা ছুটি, উৎসব ছুটিসহ শ্রমআইনের ন্যূনতম সুযোগ-সুবিধাও কার্যকর করা হয় না। সাপ্তাহিক ছুটি প্রদান করা হলেও অধিকাংশ ক্ষেত্রেই ছুটির দিনের মজুরি দেওয়া হয় না। শ্রমআইনে নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিসবুক প্রদান বাধ্যতামূলক হলেও মালিকরা এসবের ধার ধারেন না। স’মিল শ্রমিকদের যেমন নেই কাজের পোষাক, মাক্স, চশমা, গ্লাভস, তেমনি প্রতিষ্ঠানে ক্রেন ও ট্রলি না থাকায় স’মিল শ্রমিকরা অমানবিক পরিশ্রম করে বিরাট বিরাট গাছ টেনে মেশিনে তুলতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হন। কিন্তু মালিকরা আহত শ্রমিকদের কোন ক্ষতিপূরণ বা উপযুক্ত চিকিৎসা খরচ প্রদান করেন না। তাই শ্রমিকদের এসব সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন-সংগ্রাম গড়ে তুলতে হবে।