হযরত মুহাম্মদ (সা.)-কে শেষ নবী অস্বীকারকারী আহমদিয়া মুসলিম ছদ্মনামধারী কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সিলেট থেকে আসা উলামা পরিষদ বাংলাদেশের একটি প্রতিনিধি দল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মহি উদ্দিন’র হাতে স্মারকলিপি প্রদান করে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন উলামা পরিষদ বাংলাদেশ’র নির্বাহী সদস্য, শামীমাবাদ মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা সৈয়দ শামিম আহমদ, নয়াসড়ক মদ্রাসার মুহতামিম শায়েখ মাওলানা সাইফুল্লাহ, নির্বাহী সদস্য নুমানী চৌধুরী, পরিষদের অর্থ সম্পাদক মাওলানা নিয়ামত উল্লাহ খাসদবিরী, সুনামগঞ্জ মাদানিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল বছির, সুনামগঞ্জ আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা শাহ আনোয়ার হুসাইন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়ন পরিষদের নোয়াগাঁও, বেড়াজালী ও নলওয়ারপাড় গ্রামে এবং শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের বীরগাঁও গ্রামে ওরা নিজেদের আস্তানা গেড়ে বসেছে। আমাদের অনেক সরল-সহজ মুসলমানদেরকে ফুসলিয়ে ধর্মান্তরিত করছে। এমনকি ওরা সেখানে আহমদিয়া মসজিদ নামে উপাসনালয়ও তৈরি করেছে। অথচ তাদের দ্বীনের সঠিক বুঝ ও দাওয়াত দিতে স্থানীয় উলামায়ে কেরামকে প্রশাসন বাধা দিচ্ছে। তাই ঐসব স্থানে দাওয়াতী কাজে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করা হয় স্মারকলিপিতে।
প্রেসবিজ্ঞপ্তি


