কী মধু খাদ্যগোদামে-ছোট ভাই বড়কর্তা বড় ভাই নৈশপ্রহরী

স্টাফ রিপোর্টার
তাহিরপুর উপজেলার সরকারি খাদ্য গুদাম হতে ভারপ্রাপ্ত খাদ্য গোদাম কর্মকর্তা গোলাম আউলিয়ার যোগসাজশে কালো বাজারে ১০০ বস্তা চাল বিক্রির অভিযোগের পর এবার চাঞ্চল্যকর কিছু তথ্য বেরিয়ে এসেছে।
ছোট ভাই গোলাম আউলিয়া কর্মকর্তা হয়ে চাকুরীর করলেও একই অফিস চতুর্থ শ্রেণীর কর্মচারী (নৈশ প্রহরী) হিসেবে চাকুরী করছেন তাঁর আপন বড় ভাই মো. কারী মিয়া। তাঁদের বাড়ি জেলার ধর্মপাশা উপজেলার সাদীপুর গ্রামে। বড় ভাই কারী মিয়া গত ৫ বছর ধরে তাহিরপুর উপজেলার সরকারি খাদ্য গুদামে নৈশ প্রহরী পদে চাকুরী করছেন। গত এক বছর ধরে একই অফিসে কর্মকর্তা হিসেবে চাকুরী করছেন গোলাম আউলিয়া।
সরকারি চাল পাচারের ঘটনায় মঙ্গলবার রাতে এরা দুই  

ভাইসহ ৪ জনকে আসামী করে বিশেষ ক্ষমতা আইনে মামলায় দায়ের হয়েছে।
তাহিরপুরের স্থানীয় অনেকেই জানিয়েছেন, একই অফিসে আপন দুই ভাই কর্মকর্তা-কর্মচারি হয়ে চাকুরী করার বিষয়টি বেমানন ও রহস্যজনক। আপন বড় ভাই যে অফিসের কর্মচারি সেই অফিসে ছোট ভাই কি করে কর্মকর্তা হিসেবে চাকুরী করেন। চাল পাচারের ঘটনা ধরার পর অনেকে বলেন,‘এক ভাই কর্মকর্তা ও এক ভাই নৈশ প্রহরী থাকায়, তাদের সুযোগ ছিল এমন কাজ করার।’
তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যাপক আলী মর্তুজা বলেন,‘ আপন দুই ভাই একই অফিসে কর্মকর্তা-কর্মচারি হয়ে চাকুরী করতে আমরা শুনিনি। এতইে প্রমাণ করে এই অফিসে অনিয়মের সুযোগ রয়েছে। এই দুই ভাইয়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে।’
তাহিরপুর উপজেলার সরকারি গোদামের ভারপ্রাপ্ত খাদ্য গোদাম কর্মকর্তা গোলাম আউলিয়া নিজেদের নির্দোষ দাবি করে বলেন,‘পুলিশের উদ্ধার করা চালগুলো ব্যবসায়ীদের। যিনি চাল বিক্রি করছেন এবং যিনি ক্রয় করছেন উভয়ই বিষয়টি বলছেন। শুধু বস্তাগুলো সরকারি সীল মারা রয়েছে। এসব বস্তা তো বাজারে কিনতে পাওয়া যায়। তবুও আমাদের হয়রানী করার জন্য মামলায় আসামী করা হয়েছে।’
তিনি আরো বলেন,‘কাকে কোন অফিসে রাখা হবে কোথায় বদলি করা হবে এটা উর্ধ্বতন কর্তৃপক্ষের বিষয়। আমরা দুই ভাই এক অফিসে চাকুরী করায় অনেকের গাত্রদাহ, তাই এসব মিথ্যা অভিযোগ করা হয়েছে।’
উল্লেখ্য, ১০০ বস্তা সরকারি চাল পাচারের অভিযোগের ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে মঙ্গলবার রাতে তাহিরপুর উপজেলার সরকারি গোদামের ভারপ্রাপ্ত খাদ্য গোদাম কর্মকর্তা গোলাম আউলিয়া ও তার আপন বড় ভাই খাদ্য গোদামের নৈশ প্রহরী কারী মিয়া, রাইস মিল মালিক আলী হায়দার এবং চাল ব্যবসায়ী শফি আলমের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের হয়েছে। মামলা দায়ের করেছেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস সহকারি অজয় চন্দ্র দাস। রাতেই পুলিশ রাইস মিল মালিক তাহিরপুর সদর ইউনিয়নের জয়নগর গ্রামের আলী হায়দার ও রতনশ্রী গ্রামের চাল ব্যবসায়ী শফি আলমকে গ্রেফতার করেছে।