কে হবেন সুরঞ্জিতের উত্তরাধিকার

জাতীয় নেতা এবং অবশ্যই সুনামগঞ্জের গর্ব প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ সুনামগঞ্জ জেলা শহরে আনার পর কালেক্টরেট প্রাঙ্গণে শ্রদ্ধা প্রদর্শন পর্বে নানারকম অব্যবস্থাপনা, বিশৃঙ্খলা, অশোভনীয় কর্মকা- ইত্যাদি সাধারণ মানুষকে হতবাক করেছে। একই সাথে বেদনা ও হতাশা অনুভব করেছেন তারা। সংবাদপত্র ও সোস্যাল মিডিয়াসূত্রে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। জানা যায়, প্রয়াত নেতার মরদেহ সংরক্ষণ করা হয় যে মঞ্চে সেই মঞ্চে জুতো পায়ে নেতা-কর্মীদের উঠার প্রতিযোগিতা, সেলফি তোলা, মাইকে ভুল ধারাবিবরণী মর্মপীড়ার কারণ হয়ে দাঁড়িয়েছিলো শোকার্ত মানুষের। জাতীয় এই নেতার মরদেহ নিজের চোখে একনজর দেখার জন্য অনেকেই ভিড় করেছিলেন। কিন্তু অব্যবস্থাপনা, ভিড়, ঠেলাঠুলির কারণে অনেকেই মরদেহের কাছ অবধি পৌঁছাতে পারেন নি। যারা কষ্ট করে শ্রদ্ধা নিবেদন করেছেন তাদের চোখে মুখে ছিলো রাজ্যের বিরক্তি। একটি বেদনাবহ ও ভাবগম্ভীর অনুষ্ঠানকে এমন হট্টগোলে পরিণত করা নিশ্চিতভাবেই নিন্দনীয়। যারা এই অনুষ্ঠান আয়োজনের সমন্বয়ের দায়িত্বে ছিলেন তাদের আরেকটু দায়িত্বশীল হওয়া উচিৎ ছিলো। এই ধরনের ঘটনা সুনামগঞ্জবাসী তথা সুনামগঞ্জের সুনাম ক্ষুণœ করে।
সুরঞ্জিতের মৃত্যুর প্রাথমিক প্রতিক্রিয়াপর্ব শেষ হয়েছে। প্রাথমিক প্রতিক্রিয়াপর্বে আবেগের বহিঃপ্রকাশের পর এবার শুরু হবে জায়গা দখলের প্রতিযোগিতা। সুরঞ্জিতের স্থলাভিষিক্ত কে হবেন, কে তার রাজনৈতিক উত্তরাধিকারিত্বে বরণীয় হবেন এ নিয়ে এবার জমে উঠবে জমজমাট প্রয়াস। একজন জাতীয় মাপের ব্যক্তির শূন্যস্থান পূরণের প্রশ্ন যখন আসে তখন বিষয়টি হয়ে উঠে সুকঠিন। দিরাই-শাল্লায় দীর্ঘ ৪৭ বছর (১৯৭০-২০১৭) যিনি ছিলেন মুকুটহীন স¤্রাট যেখানে সুরঞ্জিতের নামে তৈরি হয়েছিল নানা মিথ যেখানে তাঁকে বলা হয় হ্যামিলনের বংশীবাদক সেখানে তাঁর উত্তরাধিকার হস্তান্তর কঠিন হবেই। আজ কথা উঠছে তাঁর নির্বাচনী এলাকার প্রতিনিধিত্বের উত্তরাধিকার নিয়ে। আসলে এর বাইরেও তাঁর শূন্যস্থান পূরণের বহু জায়গা রয়েছে বিশাল এই বাংলাদেশে। মহান জাতীয় সংসদে যিনি ছিলেন শিক্ষকের মতো সেখানে এখন নবীন পার্লামেন্টারিয়ানরা আদর্শ খুঁজবেন কোথায়? সংবিধানের ব্যাখ্যা করতে যেখানে প্রয়োজন পড়বে কোন ধীমান বিশেষজ্ঞের তখন কোথায় যাওয়া যাবে? পরমতসহিষ্ণুতা, বাগ্মীতা, গণতন্ত্রপ্রীতি, দায়িত্বশীলতা, প্রত্যুৎপন্নমতিত্ব এমনসব বিরল গুণের সমষ্টি যদি কারও মধ্যে খুঁজতে হয় কোথায় পাওয়া যাবে তাঁকে? সুরঞ্জিত চলে গিয়ে আসলেই কঠিন এক জায়গায় তিনি নিয়ে এসেছেন আমাদের।
তবে এই দায়িত্ব হস্তান্তরের জায়গা যত ভারী হবে তত সুনাম বাড়বে আমাদের। আমরা বলতে পারব এমন অতুলনীয় এমন গুণান্বিত ব্যক্তিটি আর কেউ নন। তিনি আমাদের হাওরের ‘ভাইট্যাইলা সেন’। তিনি নিজের জীবনকে সাজাতে গিয়ে তৈরি করতে যেয়ে আমাদেরকে এক অনুপম উত্তরাধিকারিত্ব দিয়ে গেছেন। এই উত্তরাধিকত্বটুকু নিতে আমাদের কোন কষ্টই হবে না। দির্ইা-শাল্লার নির্বাচনী রাজনীতির জায়গায় যিনিই আসতে চাইবেন তাঁকে অবশ্যই সুরঞ্জিতের মতো না হোক তাঁর কাছাকাছি এবং তাঁকে ধারণ করেন এমন কাউকেই এগিয়ে আসতে হবে। বড় বেশি বৈচিত্র্যময় এই ভাটির জনপদ। বর্ষায় যে জনপদ ফুটে থাকে শাপলা ফুলের মতো দ্বীপের সৌন্দর্য নিয়ে সেই জনপদ বসন্তে ধারণ করে নেয় সবুজ গালিচার সুষমা আবার গ্রীস্মের শুরুতেই সোনারঙের ঐশ্বর্য্য ধারণ করার পাশাপাশি ভয়াল কালবৈশাখির আতংকে ডুবে। এই জনপদের মানুষ কাদামাটির মতো নরোম মরমী ও দরদী। এই বৈচিত্র্যময় প্রকৃতি ও মানুষের এক নতুন প্রতিনিধিকে স্বাগত জানাতে আজ আমরা উন্মুখ। কে হবেন নতুন সেনগুপ্ত?