গভীর হাওর এলাকায় প্রয়োজনে ফ্লাইওভার করে সুনামগঞ্জ-নেত্রকোনা সড়ক করার ইচ্ছা প্রধানমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি
সুনামগঞ্জ-জামালগঞ্জ-নেত্রকোনা সড়কের কাজ শেষ করে প্রতিশ্রুতি রক্ষা করতে চান প্রধানমন্ত্রী। গত ১৯ জুলাই একনেক সভায় এমন কথাই বলেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেছেন,‘হাওর এলাকা হওয়ায় ঐ সড়কের যে অংশে সড়ক করা যাচ্ছে না, সেখানে প্রয়োজনে ফ্লাইওভার করা যায় কী না?। স্থানীয় সরকার মন্ত্রণালয়, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের বিষয়টি ভেবে দেখার জন্যও বলেছেন তিনি।
ঐ একনেক সভায় উপস্থিত একজন কর্মকর্তা জানান, গত ১৯ জুলাইয়ের একনেক সভায় সুনামগঞ্জ-জামালগঞ্জ-ধর্মপাশা- নেত্রকোনা সড়ক প্রসঙ্গে কথা ওঠে। এসময় সংশ্লিষ্টরা বলেন, ‘এই সড়কের সাচনাবাজার থেকে ধর্মপাশা পর্যন্ত ২৮ কিলোমিটার কাজ বাকি রয়েছে। এর মধ্যে ১৭ কিলোমিটার অংশের সড়কের কাজ করা যাবে এবং এটি প্রক্রিয়াধীন। অন্য ১১ কিলোমিটার  নদী এবং গভীর হাওর এলাকা। এই অংশে ডুবন্ত সড়ক করতে হবে। কিন্তু তাৎক্ষণিকভাবেই সভায় উপস্থিত অনেকেই ডুবন্ত সড়কের বিপক্ষে মত দেন। এসময় মাননীয় প্রধানমন্ত্রী বলেন, ঐ অংশে ফ্লাইওভার করা যায় কী না ?’।
প্রধানমন্ত্রীর এমন প্রস্তাব শুনে সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেন,‘এটি চমৎকার পরিকল্পনা হতে পারে, হাওরের গভীর অংশে ফ্লাইওভার করে সড়কের সংযোগ হবে, যেখানে গ্রাম আছে, বাজার আছে সেখানে অ্যাপ্রোচ সড়ক করে গ্রামের সঙ্গে সংযোগ করে দেওয়া হবে। গভীর হাওর এলাকায় এভাবে অনেক ফ্লাড সেন্টার কাম স্কুল এর আগেও করা হয়েছে’।
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান মঙ্গলবার এ প্রসঙ্গে এ প্রতিবেদককে বলেন,‘মাননীয় প্রধানমন্ত্রী’র ইচ্ছা এই সড়ক হোক, তিনি প্রয়োজনে ফ্লাইওভার করেও সড়ক করার কথা বলেছেন, কিন্তু এর কোন প্রকল্প এখনো তৈরি হয়নি, সড়ক করার জন্য নানা চিন্তাই করা হচ্ছে’।
প্রসঙ্গত. ২০১০ সালে সুনামগঞ্জের তাহিরপুরে জনসভায় এবং এর আগেও আরেকবার সুনামগঞ্জের জনসভায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সুনামগঞ্জ-নেত্রকোনা সড়ক করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।