ছাতক প্রতিনিধি
ছাতকের পল্লীতে গাছ কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ অন্তত ১৫ ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত ৬ জনকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। বুধবার সকালে কালারুকা ইউনিয়নের গৌরীপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের আকবর আলী ও একই গ্রামের আব্দুল জলিলের মধ্যে দীর্ঘদিন ধরে ভূমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। বুধবার সকালে আকবর আলীর পুত্র আলী হোসেন বিরোধকৃত ভূমিতে গাছ কাটতে গেলে আব্দুল জলিল ও তার পুত্রগণ এতে বাধা দেয়। এ নিয়ে দু’পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। ঘন্টাব্যাপী সংঘর্ষে গুরুতর আহত আব্দুল জলিল(৭০), আবুল খয়ের(৩০), খদিম আলী(৪৫), আছাব আলী(৩০), ধনই মিয়া(২৮), ও শিউলী বেগম(২৮)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আলী হোসেন(৩৬), জাহাঙ্গির আলম(২৭), আমির হোসেন(৪০)সহ অন্যান্য আহতদের ছাতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।


